ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পার্লামেন্টে সাতটি রং বোমা নিয়ে হামলার পরিকল্পনা ছিল অভিযুক্তদের, জানালো দিল্লি পুলিশ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৩, ০৫:১২ পিএম

পার্লামেন্টে সাতটি রং বোমা নিয়ে হামলার পরিকল্পনা ছিল অভিযুক্তদের, জানালো দিল্লি পুলিশ

পার্লামেন্টে সাতটি রং বোমা নিয়ে হামলার পরিকল্পনা ছিল অভিযুক্তদের, জানালো দিল্লি পুলিশ

 পার্লামেন্টের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে, রং বোমা ফাটিয়ে কোনও লাভ হবে না। আনন্দবাজার পত্রিকা জানায়, বড় কোনও বার্তা যাবে না সংবাদমাধ্যম এবং দেশবাসীর কাছে। তাই পার্লামেন্টের ভিতরে ঢুকেই হামলার পরিকল্পনা করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, পার্লামেন্টে হামলার প্রধান পরিকল্পনাকারী ললিত ঝাকে জেরা করে এইসব তথ্য পাওয়া গেছে।
 
পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে ললিত দাবি করেছেন, এই কাণ্ড ঘটানোর আগে তাঁরা সকলেই ইন্টারনেট ঘেঁটে অনেক তথ্য সংগ্রহ করেছিলেন। পুরনো ভিডিয়ো দেখে তাঁরা জানতে পেরেছিলেন নিরাপত্তা ব্যবস্থা কেমন হয়। তাঁরা জানতে পেরেছিলেন সিগন্যাল অ্যাপ চ্যাটিংয়ের জন্য সুরক্ষিত। যাতে ধরা না পড়েন, তাই এই অ্যাপ ব্যবহার করে পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখছিলেন ললিতরা।

পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত তদন্তে যা উঠে এসেছে, ললিত নিজেকে এই হামলার মূল পরিকল্পনাকারী বলে দাবি করেছেন। তদন্তকারীদের এক সূত্রের দাবি, সামাজিকমাধ্যমে যে গ্রুপ তৈরি করেছিলেন ললিত, তার মাধ্যমে অনেক তরুণ-তরুণীকে তাঁদের কাজে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করেছেন।
 
ললিতকে বৃহস্পতিবার গ্রেফতার করে পুলিশ। তার পর থেকেই টানা জিজ্ঞাসাবাদ চলছে। কেন এই ধরনের কাণ্ড ঘটালেন তাঁরা, কী উদ্দেশ্য ছিল, আর কারা এই ঘটনার নেপথ্যে রয়েছেন, অভিযুক্তদের কাছ থেকে সব জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
 
আদালতে দিল্লি পুলিশ দাবি করেছে, দেশে ‘নৈরাজ্য’ সৃষ্টি করতে চেয়েছিলেন পার্লামেন্টে হামলাকারীরা। চেয়েছিলেন, যাতে সরকার তাঁদের সমস্ত দাবি পূরণে বাধ্য হয়!
 
প্রসঙ্গত, বুধবার অর্থাৎ, ১৩ ডিসেম্বর দুপুর ১টা নাগাদ বিজেপির মাইসুরু কেন্দ্রের এমপি প্রতাপ সিংহের দেওয়া প্রবেশপত্র নিয়ে এবং জুতোয় রংবোমা লুকিয়ে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি নামে দুই যুবক। অধিবেশন চলাকালীন দুপুর ১টার কিছু পরে লোকসভায় জিরো আওয়ারে দর্শক আসন থেকে নীচে ঝাঁপ মেরে ছুড়তে থাকেন সেই রংবোমা। ঘন হলুদ ধোঁয়ায় ঢেকে যায় লোকসভার মূল অধিবেশন কক্ষের একাংশ।
 
পরে পার্লামেন্ট ভবনের বাইরের নিরাপত্তা বলয়ের মধ্যে ঢুকে ‘তানাশাহি নেহি চলেগা’ স্লোগান তোলেন অমল শিন্ডে এবং নীলম। তাঁদের হাতেও ছিল ‘স্মোক ক্র্যাকার’। তাঁদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয় ভিকি শর্মা নামে এক মদতকারীকেও।
 
গ্রেপ্তারির পর থেকেই জেরা চলছে। পুলিশ সূত্রে খবর, জেরা চলাকালীন তদন্তকারীদের ললিত জানিয়েছেন, হামলার জন্য ‘প্ল্যান এ’ এবং ‘প্ল্যান বি’ বানিয়ে রাখা হয়েছিল। যদি ‘প্ল্যান এ’ ব্যর্থ হত, তা হলে ‘প্ল্যান বি’ প্রয়োগ করা হত।
 
পুলিশ জানতে পেরেছে, অন্তত দু’বছর ধরে এই হামলার পরিকল্পনা করছিলেন ললিত এবং তার দলবল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি