এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৩, ১০:১২ পিএম
ভারতে কংগ্রেসের এবার নতুন পদক্ষেপ, ‘দেশের জন্য দাও’
রাহুল গান্ধী বলেছিলেন, লোকসভা ভোটের আগে তিনি আরও একটি ‘ভারত জোড়ো’ যাত্রা করবেন। আগের বার কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত যাত্রা করেছিলেন। এবার করবেন মুম্বাই থেকে মেঘালয় পর্যন্ত। কিন্তু লোকসভা ভোটের আগে আর সময় নেই। সম্ভবত সেই যাত্রা আর হবে না। তবে ভারত জোড়ের মতই এবার অভিনব পদক্ষেপ নিতে চাইছে দলটি। তা হল, দেশের জন্য দাও। যার নেপথ্যে অবশ্য কংগ্রেসের অর্থকষ্টটাও একটা বড় কারণ। সূত্র: দি ওয়াল
প্রায় দশ বছর কেন্দ্রে ক্ষমতায় নেই কংগ্রেস। কমতে কমতে এখন মাত্র তিনটি রাজ্যে শাসন করছে তারা। এই পরিস্থিতিতে বড় আকারে অর্থ সংগ্রহে নামছে কংগ্রেস। তবে মোড় রাখছে ভারত জোড়রাই। সারা দেশে ক্রাউড ফান্ডিং বা গণ-সংগ্রহ অভিযানে নামার ব্যাপারে শনিবার আনুষ্ঠানিক ঘোষণা করেছেন কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন।
আগামী ২৮ ডিসেম্বর ১৩৮তম বর্ষপূর্তি কংগ্রেসের। সেই কারণে ন্যূনতম চাঁদা ধার্য করা হয়েছে ১৩৮ রুপি। প্রদেশ কংগ্রেস কমিটিগুলিকে বলা হয়েছে, বেশি পরিমাণ চাঁদার জন্য সম্পন্ন লোকজনের সঙ্গে যোগাযোগ করতে। সামনেই লোকসভা ভোট। ভোটের খরচ জোগাতে বিপুল অর্থ দরকার। কংগ্রেসের বক্তব্য, ইলেকটোরাল বন্ড চালুর পর থেকেই দলের রোজগার কমতে শুরু করেছে। বন্ড বাবদ অর্থের অর্ধেকের বেশি অর্থ পাচ্ছে বিজেপি।
গত বছর এমনকী তৃণমূল কংগ্রেসের থেকে কংগ্রেসের আয় কম ছিল। তৃণমূল ক্রাউন্ড ফান্ডিংয়ের মাধ্যমে তুলেছিল ৩২৭ কোটি রুপি। আর কংগ্রেস ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে ২৩৬ কোটি রুপি চাঁদা পেয়েছিল। তুলনায় বিজেপি বন্ডের মাধ্যমে পেয়েছিল ১০৩৩ কোটি রুপি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি