ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কাউকে অসম্মান করে দায়িত্ব থেকে সরাবো না: পাপন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৩, ১০:১২ পিএম

কাউকে অসম্মান করে দায়িত্ব থেকে সরাবো না: পাপন

কাউকে অসম্মান করে দায়িত্ব থেকে সরাবো না: পাপন

চলতি বছরে বাংলাদেশের প্রধান লক্ষ্য ছিলো এশিয়া কাপ ও বিশ্বকাপে ভালো খেলা। তবে তার সিকিভাগও পূরণ করতে পারেনি বাংলাদেশ দল। তাই দলের ব্যর্থ দায় কোচ-অধিনায়কের পরেই নির্বাচকদের উপর উঠেছে। একযুগ ধরে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করে আসছেন মিনহাজুল আবেদীন নান্নু। তবে বার বার ব্যর্থতার দায় পার পেলেও এবার নিজের পদ হারাতে বসেছেন তিনি।

চলতি বছরের শেষ দিন বিসিবির সঙ্গে চুক্তি রয়েছে নান্নুর। জানা গেছে নতুন বছরে তাকে আর এই পদে রাখতে চায় না ক্রিকেট বোর্ড। তবে অপবাদ দিয়ে বের করতে চান না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার মিরপুরে বিজয় দিবস উপলক্ষে সাবেক ক্রিকেটাদের নিয়ে আয়োজিত ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। 

এছাড়াও হাবিবুল বাশার নির্বাচক হিসেবে কাজ করছেন ১৩ বছর। তার প্রমোশন হবে কিনা সেটা নিয়ে চলছে জল্পনা। বোর্ডের একাংশ তার ওপর রাখতে পারছেন না পূর্ণ আস্থা। তাই পরিবর্তন যে আসছে তা বোঝা গেল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথায়, পরিবর্তন হওয়াটা স্বাভাবিক প্রক্রিয়া। লম্বা সময় হয়েছে। সবসময়ই পরিবর্তন হওয়াটা ভালো।

তিনি বলেন, যদি কাউকে সরাতে হয় তাকে সসম্মানেই সরাবে বোর্ড। কিন্তু কাউকে এক্সকিউজ করে বাদ দেওয়া, মিথ্যা অপবাদ দিয়ে বাদ  দেওয়া, এটা খুব খারাপ ঘটনা সৃষ্টি করবে।

নির্বাচক প্যানেলের নির্বাচন প্রক্রিয়া জানাতে চাইলে বিসিবি সভাপতি বলেন, আমাদের একটা কমিটি আছে, ওই কমিটি আমাদের কাছে নাম প্রস্তাব করবে। উনারা দেখবেন কারা কারা আগ্রহী প্লাস ওদের প্রেফারেন্স কী। সেটা নিয়ে বোর্ডে আলোচনা হবে। সেখান থেকে আমরা সিলেক্ট করব। আসলে কে কে হবে, কে আসবে, এই মুহূর্তে এটা বলা খুব কঠিন। তবে কারও যদি ইচ্ছা থাকে, তাহলে সে প্রকাশ করতে পারে। কোন সমস্যা নেই। 

বিশ্বকাপ চলাকালীন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এই পদে দায়িত্ব পেতে আগ্রহের কথা বলেছিলেন গণমাধ্যমে। আশরাফুলের জন্যও মঞ্চ উন্মুক্ত আছে বলে জানিয়েছেন নাজমুল হাসান। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি