এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৩, ০৫:১২ পিএম
ভারতে মেট্রোরেলের দরজায় শাড়ি আটকে নারীর মৃত্যু
ঘটনাটি ঘটছে দিল্লীর ইন্দরলোক স্টেশনে । জানা গেছে, গত ১৪ ডিসেম্বর ৩৫ বছর বয়সী ওই নারীকে প্রায় ২৫ মিটার টেনে নিয়ে যায় ট্রেনটি। এ সময় ট্র্যাক অ্যাক্সেস গেটের সঙ্গে তার মাথা সজোরে ধাক্কা লাগে। দুই দিন পর শনিবার (১৬ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় গুরুত্বর আহত ওই নারীর মৃত্যু হয়।
ওই দুর্ঘটনায় নিহত নারীর নাম রিনা। তিনি দিল্লির নাংলোইয়ের বাসিন্দা ও পেশায় ছিলেন একজন সবজি বিক্রেতা। তার ১১ বছরের একটি ছেলে ও ১৩ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। রিনার স্বামী কয়েক বছর আগে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান।
দিল্লি মেট্রোর চিফ পাবলিক রিলেশনস অফিসার অনুজ দয়াল জানিয়েছেন, মেট্রো ট্রেনগুলোর দরজায় সেন্সর থাকে, সেগুলো কোনো কিছুতে বাধা পেলে ট্রেনের দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। আর দরজার সেন্সরগুলোতে ২৫ মিলিমিটারের বেশি পুরু কাপড় শনাক্ত হয়ে থাকে। ওই নারীর শাড়িটি ওই পরিমাপের চেয়ে পাতলা থাকায় সেন্সরে ধরা পড়েনি।
ঘটনার পর ওই নারীকে দিল্লি মেট্রোরেল করপোরেশন ও কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা দীপচাঁদ বন্ধু হাসপাতালে নিয়ে যান। পরে পরিবারের সদস্যরা পরে তাকে উন্নত চিকিৎসার জন্য লোকনায়ক হাসপাতালে নিয়ে যান।
সিআইএসএফের কর্মকর্তা জানিয়েছেন, রিনাকে আরএমএল হাসপাতালে ও তারপর সাফদরজং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে শনিবার তার মৃত্যু হয়। রোববার তার ময়নাতদন্ত হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি