এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৩, ০৩:১২ পিএম
মৃত্যুর খবর ভুয়া, দাউদ জীবিত ও সুস্থ আছেন: ছায়াসঙ্গী ছোটা শাকিল
দাউদকে কি সত্যি বিষ খাওয়ানো হয়েছে? বিষ খেয়ে দাউদের কি মৃত্যু হয়েছে? সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন দেশি ও বিদেশি গণমাধ্যমজুড়ে নানা খবর বেরোচ্ছে। ইন্টারনেট দুনিয়ায় দাউদকে নিয়ে যে খবর রটেছে, সেগুলি ভিত্তিহীন বলে দাবি করেছেন ছোটা শাকিল।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ছোটা সাকিল বলেন, ‘দাউদ জীবিত এবং সুস্থ রয়েছেন। ভুয়ো খবর দেখে অবাক হয়ে গিয়েছি আমি। সোমবারই একাধিকবার দাউদের সঙ্গে দেখা করেছি।’ দাউদ ১০০০ শতাংশ ফিট রয়েছে বলেই দাবি করেছেন তিনি।
গত রোববার পাকিস্তানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল সাময়িক ভাবে। এই আবহে গুজব ছড়িয়েছিল, দাউদ ইব্রাহিম কি তবে মারা গিয়েছেন? যদিও ডি-কোম্পানির ছোটা শাকিল এই সব গুজবকে উড়িয়ে দিয়েছেন। সোমবার পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর তরফ থেকেও দাবি করা হয়েছে, দাউদকে বিষ খাওয়ানোর দাবিও ভুয়ো।
আইএসআই জানিয়েছে, দাউদের নিরাপত্তা ভেদ করা কঠিন। যুক্তরাষ্ট্রের নজরে রয়েছেন দাউদ। তাই তার বিশেষ খেয়াল রাখা হয়। সেই নিরাপত্তা বেষ্টনীতে ঢুকে দাউদের ক্ষতি করা একপ্রকার অসম্ভব বলেই দাবি করেছে আইএসআইয়ের গোয়েন্দারা।
গত কয়েক মাস ধরেই পাকিস্তানে বেশ কয়েকজন জঙ্গি নেতার মৃত্যু হয়েছে। ওই জঙ্গিরা ছিল ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায়। এহেন পরিস্থিতিতে দাউদের অসুস্থতার খবরে তোলপাড় শুরু হয় আন্তর্জাতিক মহলে। খবর রটে, দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠরা তাকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছে এবং আশঙ্কাজনক অবস্থায় তিনি করাচির হাসপাতালে ভর্তি হয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি