এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৩, ০১:১২ পিএম
যুদ্ধবিরতি ও জিম্মি-বন্দি বিনিময় আলোচনা করতে মিসরে হামাস প্রধান হানিয়া
বুধবার (২০ ডিসেম্বর) এ আলোচনা শুরু হবে। হামাসের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র একথা জানিয়েছে।
কাতারে অবস্থান করেন হামাস নেতা ইসমাঈল হানিয়া। তিনি মিসরের গোয়েন্দা প্রধান আব্বাস কামালের সঙ্গে বৈঠকে হামাসের একটি ’উচ্চ পর্যায়ের’ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে মঙ্গলবার বার্তাসংস্থা এএফপি জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, আগ্রাসন ও হামলা বন্ধ, জিম্মি ও বন্দি মুক্তি এবং গাজা উপত্যাকার ওপর থেকে অবরাধের অবসান ঘটানোর বিষয়ে তিনি আলোচনা করবেন।
গত মাসে এক সপ্তাহের মানবিক যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছিল কাতার। এ ক্ষেত্রে দোহাকে সহায়তা করে মিসর ও যুক্তরাষ্ট্র। সে সময় হামাসের কাছে আটক ৮০ ইসরায়েলি জিম্মি এবং ইসরায়েলি কারাগারে আটক ২৪০ ফিলিস্তিনি মুক্তি পান।
গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর এটি হচ্ছে মিসরে হানিয়ার দ্বিতীয় সফর। নভেম্বরের প্রথম দিকে তিনি মিসর সফর করেন। মার্কিন নিউজ আউটলেট এক্সিওস সোমবার জানায়, জিম্মি মুক্তির বিষয়ে পোলান্ডে কাতারের প্রধানমন্ত্রী, মোসাদ ও সিআইএর মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে ঢুকে অপারেশন আল-আকসা তুফান অভিযান চালায়। এতে ১১৪৭ ইসরায়েলি নিহত হন এবং জিম্মি হিসেবে আটক হন ২৫০ জন। সেই দিন থেকে ইসরায়েলি বাহিনী গাজায় নির্বিচার হামলা চালায়। এতে গত ৭৫ দিনে গাজায় নিহত হয়েছেন অন্তত ১৯ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই শিশু ও নারী।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি