এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৩, ০১:১২ পিএম
আদানিদের বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ, তদন্তে সিবিআই
মঙ্গলবার দিল্লি হাইকোর্ট সিবিআইকে আদানিদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। জানা গিয়েছে, আমদানিকৃত কয়লার খরচ ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়েছে আদানি গোষ্ঠী। এই নিয়েই একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল আদালতে। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট সিবিআইয়ের পাশাপাশি একই নির্দেশ দিয়েছে ডিআরআই তথা ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্সকেও।
আদানি গোষ্ঠী ছাড়াও এসার গ্রুপ-সহ আরও বেশ কয়েকটি সংস্থার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। সেই সংস্থাগুলোর বিরুদ্ধেও একইভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি এক ব্রিটিশ গণমাধ্যমে আদানির কয়লা আমদানি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তাতে দাবি করা হয়েছে, আদানি গোষ্ঠী বিদেশ থেকে ৫০০ কোটি ডলার মূল্যের কয়লা বাজারদরের তুলনায় দ্বিগুণ দামে আমদানি করেছে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, আদানি গোষ্ঠী কাগজে-কলমে তাদের আমদানিকৃত কয়লার খরচ ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়েছে। ইন্দোনেশিয়া থেকে কয়লার জাহাজ ছাড়ার সময় তার যা মূল্য ছিল, ভারতে সেই জাহাজ পৌঁছনোর পরে সেটারই দাম দ্বিগুণ বলা হয়। এদিকে সেই কয়লার দামের ভিত্তিতেই ঠিক হয় বিদ্যুতের মাশুল। অর্থাৎ একথা বলাই যায় যে, এই দুর্নীতির ফল ভুগতে হচ্ছে দেশের সাধারণ নাগরিকদের।
এই নিয়ে দিল্লি হাইকোর্টে আগেই দু’টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। মঙ্গলবার সেই মামলাগুলির শুনানিতে দিল্লি হাইকোর্টের তরফে সিবিআই ও ডিআরআইকে বিচারপতি তদন্তের নির্দেশ দেন। তদন্তের নির্দেশ দিয়ে সিবিআইকে বিচারপতি বলেন, যদি অভিযুক্ত সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলে, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এই নির্দেশে আদানি গোষ্ঠী যে খানিক চাপে পড়ল, তা বলাই বাহুল্য।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি