এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৩, ১০:১২ পিএম
ভারতে পার্লামেন্ট থেকে সাসপেন্ড আরও দুই বিরোধী এমপি
বুধবার ভারতের লোকসভায় সাময়িক বহিস্কৃত হওয়া দুই এমপিই কেরালার। প্রথম জন, আলাপুঝার সিপিএম এমপি এএম আরিফ। দ্বিতীয় জন, আঞ্চলিক দল কেরালা কংগ্রেস (মণি)-র নেতা তথা কোট্টয়মের এমপি টমাস চাজিকাদন। আনন্দবাজার আরও জানায়, এই নিয়ে গত এক সপ্তাহে লোকসভা এবং রাজ্যসভা থেকে ১৪৩ জন এমপিকে সাসপেন্ড করা হল। এর মধ্যে লোকসভার এমপি ৯৭ জন।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর বুধবার লোকসভায় রংবোমা মেরে বিক্ষোভের ঘটনার পর থেকেই পার্লামেন্ট ভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে অধিবেশনে সোচ্চার হয়েছেন বিরোধী এমপিরা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবিতে ওয়েলে নেমে স্লোগান তুলেন তারা। আর তারপর থেকে একের পর এক সাসপেন্ডের ঘটনা।
১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিক্ষোভ সামাল দিতে না-পেরে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলির জন্য সাসপেন্ড করেন তৃণমূলের এমপি ডেরেক ও’ব্রায়েনকে। লোকসভায় সাসপেন্ড করা হয় ১৪ বিরোধী এমপিকে।
পরে দেখা যায় তাদের মধ্যে একজন সভাতে হাজির না থাকা সত্ত্বেও শাস্তির কবলে পড়েন! এরপর শুক্রবারও বিরোধীদের প্রবল প্রতিবাদের জেরে সোমবার পর্যন্ত মুলতুবি হয়ে যায় দুই কক্ষের অধিবেশন। সোমবার রাজ্য ও লোকসভার মোট ৭৯ জন এমপিকে সাসপেন্ড করা হয়। মঙ্গলবার আবার ৪৯ জন এমপিকে সাসপেন্ড করা হয়। প্রত্যেকেই বিরোধী শিবিরের এমপি। এই ঘটনাকে বিরোধী নেতৃত্ব বলেছেন ‘গণতন্ত্রের সাসপেনশন’।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি