এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৩, ১০:১২ পিএম
আমরা আমাদের নিজেদের পায়ে গুলি করেছি: নওয়াজ
এ কথা বলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ - নওয়াজ (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরীফ। আগামী ফেব্রুয়ারিতে পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে তিনি মঙ্গলবার পাঞ্জাবের রাজধানী লাহোরে পিএমএল-এনের প্রার্থীদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে বলেন, ‘বর্তমানে পাকিস্তান অর্থনৈতিকভাবে যে পর্যায়ে পৌঁছেছে, সেজন্য ভারত, যুক্তরাষ্ট্র বা আফগানিস্তান - কেউই দায়ী নয়। প্রকৃতপক্ষে, আমরা নিজেরাই নিজেদের পায়ে গুলি করেছি।
২০২২ সাল থেকে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। দেশটির বৈদেশিক মুদ্রার মজুত প্রায় তলানিতে ঠেকেছে। চলতি বছরের মাঝামাঝি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋণ সহায়তা না দিলে এতদিনে মুখ থুবড়ে পড়ত দেশটি।
নওয়াজ বলেন, ‘২০১৮ সালে নির্বাচনে কারচুপির মাধ্যমে তারা (সামরিক বাহিনী) এমন এক সরকারকে ক্ষমতায় বসিয়েছিল, যে সরকার দেশের অর্থনীতি ধ্বংস ও জনগণকে ভোগান্তি দেওয়া ছাড়া আর কিছুই করতে পারেনি।’
দশকের পর দশক ধরে সামরিক স্বৈরতন্ত্রকে বৈধতা দেওয়ার জন্য পাকিস্তানের বিচার বিভাগের কঠোর সমালোচনা করেছেন নওয়াজ। ২০১৭ সালে তাকে উৎখাত করার জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাবেক প্রধান ফাইজ আহমেদকেও দোষারোপ করেছেন তিনি।
নওয়াজ বলেন, ‘যখন তারা (সামরিক বাহিনী) সংবিধান লঙ্ঘন করে, তখন বিচারকরা তাদের গলায় মালা পরানোর জন্য অপেক্ষা করতে থাকেন। কিন্তু একই কাজ যদি কোনো রাজনীতিবিদ করেন, তাহলে অতিমাত্রায় কঠোরতা প্রদর্শন করেন। এমনকি অনেক সময় পার্লামেন্ট বিলোপের রায়ও তারা দিয়েছেন কেন?সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি