এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৩, ০২:১২ পিএম
৭২ ঘণ্টায় ২৫ ইসরায়েলি সেনা নিহত: হামাস
এক বিবৃতিতে গাজার নিয়ন্ত্রণকারী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজেদিন আল কাসসাম ব্রিগেডস একথা জানিয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) গাজায় হামাসের দু’টি সুড়ঙ্গ এবং তাদের নিয়ন্ত্রণে থাকা একটি বাড়িতে অভিযান চলানোর সময় এই সেনারা নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এতে আরও বলা হয়েছে, এদিন ইসরায়েলের প্রধান শহর তেল আবিবে রকেট হামলাও চালিয়েছে আল কাসেম ব্রিগেডসের যোদ্ধারা।
ইসলায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এখন পর্যন্ত এ প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া জানায়নি। গত ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে ২৮ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও।
ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, নিহত হয়েছেন অন্তত ২০ হাজার ফিলিস্তিনি। এই নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু।আহত হয়েছেন আরও ৫২ হাজার ৫৮৬ জন এবং এখনও নিখোঁজ রয়েছেন ৬ হাজার ৭০০ জন।
এছাড়া লাখ লাখ পরিবার বাড়িঘর-সহায় সম্বল হারিয়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুল, সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রাঙ্গণে। অন্যদিকে, হামাসের গত ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক।
দিনের অস্থায়ী বিরতির সময় নিজের কব্জায় আটক জিম্মিদের মধ্যে থেকে ১১৮ জনকে মুক্তি দিয়েছে হামাস; বিপরীতে এই সময়সীমায় ইসরায়েলের বিভিন্ন কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে ১৫০ জন ফিলিস্তিনি বন্দিকে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি