এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৩, ০৫:১২ পিএম
গাজার যুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে হামাস: হানিয়া
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল বর্বর গণহত্যা ও যুদ্ধাপরাধ সংঘটনের পরও প্রতিরোধ যোদ্ধারা রণাঙ্গনে অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে।
কাতারের রাজধানী দোহায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক বৈঠকের সময় হানিয়া একথা বলেন।
তিনি বলেন, গাজায় ইসরাইল নজিরবিহীনভাবে বিমান, নৌ ও স্থল অভিযান চালাচ্ছে। ইসরাইল ও তার মিত্ররা ভেবেছিল যে, তারা এভাবে গাজা থেকে প্রতিরোধকামীদের নির্মূল করতে পারবে এবং সাদা পতাকা ওড়াতে তাদেরকে বাধ্য করতে পারবে। কিন্তু যুদ্ধ শুরুর ৭৫ তিন পরও প্রতিরোধকামীরা যুদ্ধক্ষেত্রে দৃঢ় অবস্থানে রয়েছে এবং ইহুদিবাদী সেনাদের ব্যাপক ক্ষতি করতে সক্ষম হয়েছে।
ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার জন্য ইসমাইল হানিয়া ফিলিস্তিনি জনগণের প্রশংসা করেন। পাশাপাশি ইরানের সমর্থনের জন্য তেহরানকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ কখনো সংগ্রামের পথ ছেড়ে দেবে না।
বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইহুদিবাদী ইসরাইলের সীমাহীন অপরাধের অবসানের লক্ষ্যে তেহরান কূটনৈতিক উপায়ে ফিলিস্তিনের ধৈর্যশীল ও শক্তিশালী জনগণকে সমর্থনদান অব্যাহত রাখবে। আবদুল্লাহিয়ান বলেন, ‘আজ আর কারো সন্দেহ নেই যে, প্রতিরোধ যোদ্ধারা ও ফিলিস্তিনি জনগণ তাদের শক্তি প্রমাণ করে দিয়েছে। পাশাপাশি তারা দেখিয়ে দিয়েছে, ইহুদিবাদীদের এত বর্বরতা ও হত্যাযজ্ঞের পরেও তারা দৃঢ়চেতা রয়েছে।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি