এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৩, ০৬:১২ পিএম
ইসরায়েলি হামলায় গাজা ধ্বংসস্তুপে পরিণত, ৪৮ ঘণ্টায় নিহত ৩৯০
ইসরায়েলি বাহিনীর টানা আড়াই মাসের হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকাটি। নিহত হয়েছেন ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। এই নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বলছেন, হামাসকে সম্পূর্ণ নিশ্চিহ্ন না-করা পর্যন্ত যুদ্ধ থামবে না।
গোটা বিশ্ব শান্তি-সমঝোতা নিয়ে ইসরায়েলের ওপরে চাপ বাড়ালেও যুদ্ধের গতি যেন বাড়ছেই। গত দু’দিনে গাজায় ৩৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭৩৪ জন। ইসরায়েল সামরিক অভিযান শুরুর পর থেকে সাত দিনের যুদ্ধবিরতির সময়টি বাদ দিলে সেখানে দিনে গড়ে তিনশ মানুষ নিহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক ইমার্জেন্সি ডিরেক্টর রিচার্ড ব্রেনান বলেছেন তিনি এ তথ্যকে বিশ্বাসযোগ্যই মনে করেন।
যুদ্ধ ক্ষেত্রে মৃতের সংখ্যা নির্ধারণ একটি কঠিন বিষয় এবং গাজার শহরের চিকিৎসকরা বলছেন মৃতের সংখ্যা আরও বেশি হবে। কারণ যাদের হাসপাতালে নেওয়া যায়নি বা যারা ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছেন তাদের গণনা সম্ভব হয়নি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি