এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৩, ০৬:১২ পিএম
৫২ হাজার মামলার নিষ্পত্তি করে রেকর্ড ভারতের সুপ্রিম কোর্টের
মানুষকে দ্রুত ন্যায় বিচার দেওয়াই তাঁর সংকল্প, এমন কথা দায়িত্ব নিয়ে সব বিচারপতি, প্রধান বিচারপতিরা বলে থাকেন। এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন করে দেখালেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বিদায়ী বছরে সুপ্রিম কোর্ট ৫২ হাজার মামলার নিষ্পত্তি করেছে।
দেশের শীর্ষ আদালতের ইতিহাসে এক বছরে এত মামলা নিষ্পত্তির নজির নেই। গত বছরের তুলনায় এবার ১৩ হাজার মামলা বেশি নিষ্পত্তি হয়েছে। সুপ্রিম কোর্ট সূত্রে জানানো হয়েছে, নিষ্পত্তি হওয়া মামলার মধ্যে ১৩ হাজার আছে বকেয়া মামলা। তারপরও শীর্ষ আদালতে বকেয়া মামলার সংখ্যা এখন আশি হাজার। প্রধান বিচারপতি জানিয়েছেন, বকেয়া মামলার দ্রুত নিষ্পত্তির বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে।
সুপ্রিম কোর্টের সবচেয়ে চিন্তার বিষয় দেশের নিম্ন আদালত ও হাই কোর্টগুলিতে জমে থাকা মামলা। এর সংখ্যা পাঁচ কোটি। শীর্ষ আদালত নানা সময়ে উদ্যোগ নিয়েও এই ব্যাপারে সফল হয়নি। বিচারক, বিচারপতির অভাব এবং অপর্যাপ্ত পরিকাঠামোই এই সমস্যার অন্যতম কারণ। তবে পুলিশ ও বিভিন্ন এজেন্সির তদন্তে দীর্ঘসূত্রতাও মামলার দ্রুত নিষ্পত্তিতে বড় বাধা বলে মনে করা হচ্ছে।
সুপ্রিম কোর্ট কীভাবে এক বছরে ১৩ হাজার অতিরিক্ত মামলার নিষ্পত্তি করল? শীর্ষ আদালত সূত্রে খবর, প্রধান বিচারপতি চন্দ্রচূড় দুটি উদ্যোগ নিয়েছেন। মামলা দায়ের থেকে শুনানি পর্যন্ত ১০ থেকে ১৫ দিন সময় চলে যেত আগে। প্রধান বিচারপতি সেই সময়সীমা কমিয়ে পাঁচ থেকে সাত দিন করেছেন।
দ্বিতীয়ত, জামিনের মামলাকে গুরুত্ব দিয়েছেন তিনি। জামিন মামলার দিনের পর দিন শুনানি হত না। প্রধান বিচারপতি চন্দ্রচূড় এই ব্যাপারে আদালতের ভাবনা, অভিমুখ বদলে দিয়েছেন। সহকর্মী বিচারপতিদের তিনি বলেছেন, জামিন পাওয়া অভিযুক্তের অধিকারের মধ্যে পড়ে। কাউকে বিনা বিচারে জেলে আটকে রাখা যায় না। এখন জামিনের মামলা দায়ের হওয়ার তিনদিনের মাথায় শুনানি করা হচ্ছে। আগে মাসের পর মাস মামলা পড়ে থাকত। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি