এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৪:১২ পিএম
ইন্দোনেশিয়ায় নিকেল প্রক্রিয়াকরণ কারখানায় বিস্ফোরণে নিহত ১২
রোববার (২৪ ডিসেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে নিকেল প্রক্রিয়াকরণ কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। দুর্ঘটনার শিকার এই কারখানাটি চীনা অর্থায়নে পরিচালিত হতো।
সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে অবস্থিত মোরোওয়ালি ইন্ডাস্ট্রিয়াল পার্কে পিটি ইন্দোনেশিয়া তসিংশান স্টেইনলেস স্টিলের মালিকানাধীন একটি প্ল্যান্টে রোববার ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে কমপ্লেক্সের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন। শিল্প পার্কটি পরিচালনাকারী সংস্থা বলেছে, তারা এই বিপর্যয়কর দুর্ঘটনায় ‘গভীরভাবে মর্মাহত’।
মুখপাত্র ডেডি কুর্নিয়াওয়ান বলেছেন, নিহত ১২ জনের জধ্যে সাতজন ইন্দোনেশিয়ান এবং পাঁচজন বিদেশি শ্রমিক। তবে বিদেশি শ্রমিকরা কোন দেশের নাগরিক তা উল্লেখ করা হয়নি। তিনি বলেন, এ বিস্ফোরণে নিহত কয়েকজনের পরিচয় শনাক্ত হওয়ার তাদের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
একজন কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, কারখানার একটি চুল্লিতে মেরামতের সময় বিস্ফোরণ ঘটে। এতে দাহ্য তরলে আগুন ধরে যায় এবং পরবর্তী বিস্ফোরণের ফলে কাছাকাছি অক্সিজেন ট্যাংকগুলোও বিস্ফোরিত হয় । রোববার সকালে আগুন নিভিয়ে ফেলা হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি