এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৩, ১২:১২ পিএম
১১০ রানেই গুটিয়ে গেল টাইগাররা
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ঐতিহাসিক জয় পেয়েছিলো বাংলাদেশ। বৃষ্টি বাঁধায় সিরিজের দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হলে, শেষ ম্যাচটি কিউইদের জন্য সিরিজ রক্ষার ম্যাচ হয়ে দাঁড়ায়।
রোববার মাউন্ট মাউঙ্গানুইয়ে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলো নিউজিল্যান্ড। প্রথমে ব্যাটিংয়ে নেমে কিউইদের বোলিং তোপে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় টাইগাররা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা। ৪ রান করে সাজঘরে ফেরেন সৌম্য সরকার। অধিনায়ক শান্ত ১৭ রান করে আউট হলে, ১০ করে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের মাশুল দেন রনি তালুকদার। দলীয় ৪১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা।
আফিফকে সঙ্গে নিয়ে রান ইনিংস মেরামতের চেষ্টা করেন তাওহীদ হৃদয়। তবে পিচে থিতু হতে পারেননি কেউই। আফিফ ১৪ রানে আউট হলে, ১৬ রান করে তার দেখানো পথে হাঁটেন হৃদয়ও। এরপর শুরু হয় টাইগারদের উইকেট মিছিল।
মাহেদী হাসান (৪), শামীম হোসেন (৯), শরিফুল ইসলাম (৪), তানভীর ইসলাম (৩) ও রিশাদ হোসেন ১০ রানে আউট হলে ১১০ রানে অলআউট হয় বাংলাদেশ।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার মিচেল স্যান্টনার। এছাড়াও টিম সাউদি, অ্যাডাম মিলনে ও বেন সার্স দুটি করে উইকেট শিকার করেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি