এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ০২:০১ পিএম
২০২৪ সালজুড়ে গাজায় হামলা চলবে: ইসরায়েল
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে গাজায় চলতি বছরের পুরোটা সময় যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলের অবিরাম হামলায় অবরুদ্ধ এ উপত্যকায় ইতিমধ্যে ২২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ইংরেজি বর্ষবরণের শুরুটাও পাল্টাপাল্টি বড়ধরণের হামলার মাধ্যমে দুই পক্ষই তাদের শক্তিমত্তার জানান দিয়েছে।
নববর্ষের বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি বলেছেন, সামনের ‘দীর্ঘমেয়াদি লড়াইয়ের’ প্রস্তুতির অংশ হিসেবে তিন লাখ রিজার্ভ সেনার কিছু সংখ্যককে যুদ্ধ থেকে সাময়িক বিরতি দেওয়া হচ্ছে। তিনি বলেন, সেনাবাহিনীকে ‘আগাম পরিকল্পনা করতে হবে, বুঝতে হবে যে, বছরজুড়ে অতিরিক্ত কাজ এবং যুদ্ধ অব্যাহত রাখার প্রয়োজন হবে।’
সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৫৬ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ২১ হাজার ৯৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৭ হাজার ৬৯৭ জন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ৭ হাজারের মতো। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচে তারা আটকা পড়ে আছেন।
গত রোববার দিবাগত রাতে বর্ষবরণের সময়ও গাজায় হামলা চালায় ইসরায়েল। পাল্টা জবাব দেয় হামাসের যোদ্ধারাও। গাজাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হন। রোববার মধ্যরাতে বর্ষবরণের সময় ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও তেল আবিব শহরকে লক্ষ্য করে গাজা থেকে ঝাঁকে ঝাঁকে রকেট ছোড়া হয়। এরআগে দক্ষিণাঞ্চলে প্রথম রকেট হামলা শুরু করা হয়। ইসরায়েলি হামলায় গাজার ২৩ লাখ বাসিন্দার ৮৫ শতাংশই বাস্তুচ্যুত হয়েছেন।
অক্টোবরের শেষ দিকে গাজায় স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সেখানে হামাসসহ গাজার স্বাধীনতাকামী সংগঠনগুলোর যোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়ে তারা। স্থল অভিযানে ১৭২ জন ইসরায়েলি সেনা নিহত হয়। তবে তাদের মধ্যে ২৯ জনই নিজেদের বাহিনীর হামলায় নিহত হয়েছেন বলে ইসরায়েল স্বীকার করেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি