এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ০২:০১ পিএম
দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধীদলীয় নেতার ওপর ছুরি হামলা
দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় নেতা লি জায়ে-মিউং ছুরিকাঘাতে আহত হয়েছেন। মঙ্গলবার (২ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলা সময় তার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে খুব অল্প ব্যবধানে পরাজিত হয়েছিলেন তিনি।
লি জায়ে-মিউং দেশটির দক্ষিণ-পূর্বের বন্দর শহর বুসান সফরের সময় হামলার শিকার হন। আহত অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার সকালে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের সময় প্রধান বিরোধী ডেমোক্রেটিক পার্টির প্রধান লিকে তার ঘাড়ের বাম পাশে ছুরিকাঘাত করা হয়।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে ইয়োনহাপ আরও বলেছে, সন্দেহভাজন ব্যক্তি অটোগ্রাফ নেওয়ার জন্য লির কাছে গিয়েছিলেন এবং তার সমর্থক হওয়ার ভান করে সেখানে অবস্থান করছিলেন। একপর্যায়ে সেই ব্যক্তি তাকে ২০ থেকে ৩০ সেন্টিমিটার (৭.৯-১১.৮ ইঞ্চি) লম্বা ছুরি দিয়ে আঘাত করে।ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় হামলাকারীকে আটক করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার মিডিয়াতে প্রকাশিত ছবিতে দেখা যায়, ছুরিকাঘাতের পর লি চোখ বন্ধ করে মাটিতে শুয়ে ছিলেন। এসময় কর্মকর্তারা তার চারপাশে ভিড় করেছিলেন আর একজন তার ঘাড়ের আঘাতের স্থানে কাপড় চাপা দিয়ে ধরে রেখেছিলেন। ইয়োনহাপ জানিয়েছে, ছুরিকাঘাতের পর এই শীর্ষ রাজনীতিবিদের শরীর থেকে রক্তপাত হয়েছে, তবে তিনি জ্ঞান হারাননি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি