এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ০৬:০১ পিএম
মুজিবকে কঠিন শাস্তি দিলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড
কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকতে চাওয়ায় এবার বড় শাস্তির মুখোমুখি হচ্ছেন আফগানিস্তানের তিন ক্রিকেটার। তারা হলেন মুজিব উর রহমান, ফজল হক ফারুকি ও নাভিন উল হক।
২০২৪ সালে কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকতে চেয়েছিলেন এই তিন ক্রিকেটার। তাদের এই চাওয়া ভালোভাবে নেয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এক বিবৃতিতে এই তিন ক্রিকেটারকে আগামী দুই বছর অনাপত্তিপত্র (এনওসি) না দেওয়ার ঘোষণা দিয়েছে এসিবি। ফলে আগামী দুই বছর আর কোন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারবে না তারা। এখানেই থেমে থাকেনি বোর্ডটি। তিন ক্রিকেটারের বর্তমান এনওসিও বাতিল করেছে।
এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেলতে যাওয়া মুজিব উর রহমান। এই আসরের জন্য শুরুতে তাকে এনওসি দেওয়া হলেও এবার তা বাতিল করায় আর কোনো ম্যাচ খেলতে পারবেন না এই স্পিনার। বিগ ব্যাশে মুজিবের দল মেলবোর্ন রেনেগেডস ইতোমধ্যেই তাকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে।
এই নিষেধাজ্ঞার পরই নাভিন ও ফারুকি এসিবির সঙ্গে যোগাযোগ করে দেশের হয়ে খেলার জোরালো ইচ্ছা ব্যক্ত করেন। এরপরই আমিরাতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা এই দুই খেলোয়াড়কে। কিন্তু তাতে জায়গা হয়নি মুজিবের। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি