ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

এনকাউন্টারে নিহত উত্তরপ্রদেশের এক গ্যাংস্টার, মাথার দাম ছিল ১ লাখ রুপি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০২:০১ পিএম

এনকাউন্টারে নিহত উত্তরপ্রদেশের এক গ্যাংস্টার, মাথার দাম ছিল ১ লাখ রুপি

এনকাউন্টারে নিহত উত্তরপ্রদেশের এক গ্যাংস্টার, মাথার দাম ছিল ১ লাখ রুপি

অপহরণ, ডাকাতি, খুন--- কী না অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পুলিশ বহুদিন ধরে খুঁজছিল তাকে। কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার বিনোদ কুমার উপাধ্যায়। সেই গ্যাংস্টারের মাথার দাম ছিল ১ লাখ রুপি। বহুদিন গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের এনকাউন্টারে নিহত হল বিনোদ।

গণমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। পুলিশের কাছে খবর আসে সুলতানপুরে লুকিয়ে আছে বিনোদ ও তার দলবল। খবর পাওয়া মাত্রই ডেপুটি পুলিশ সুপার দীপক কুমার সিংয়ের নেতৃত্বে এসটিএফ টিম পৌঁছে যায় সেখানে। সুলতানপুরের দেহাত কোতোয়ালি এলাকার একটি বাড়িতে বিনোদ রয়েছে বলে খবর ছিল পুলিশের কাছে।

পুলিশ সূত্রে খবর, প্রথমে বাড়িটি ঘিরে ফেলা হয়। তারপর আস্তে আস্তে বাড়ির মধ্যে ঢোকে পুলিশ। তখনই বিনোদ বুঝতে পারে পালানোর পথ নেই। পাল্টা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পুলিশও জবাব দেয়। শুক্রবার ভোর পর্যন্ত দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। পুলিশ জানিয়েছে এই গুলির লড়াইয়েই বিনোদের মৃত্যু হয়েছে।

উত্তরপ্রদেশের লখনউ ও গোরক্ষপুরের মানুষের কাছে ত্রাস ছিল বিনোদ। গোরক্ষপুর, বাস্তি, সন্ত কবীর নগর ও লখনউতে একাধিক অপরাধমূলক কাজ করার অভিযোগ রয়েছে বিনোদ ও তার গ্যাংয়ের বিরুদ্ধে। খুন, ডাকাতি, অপহরণ, ছিনতাই, মুক্তিপণ দাবির মতো অপরাধমূলক কাজের অভিযোগে একাধিক মামলা রুজু আছে বিভিন্ন থানায়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি