এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৫ জানুয়ারী, ২০২৪, ০৪:০১ পিএম
কানাডার পর এবার যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে খালিস্তানিদের হামলা
ক্যালিফোর্নিয়ায় মন্দিরের গায়ে ‘খালিস্তান জিন্দাবাদ’, ‘মোদি ইজ টেররিস্ট’ ইত্যাদি স্লোগান লিখে দেওয়ার অভিযোগ উঠেছে সংগঠনটির বিরুদ্ধে। উল্লেখ্য, গত মাসেই আক্রান্ত হয়েছিল ক্যালিফোর্নিয়ার স্বামীনারায়ণ মন্দির। যুক্তরাষ্ট্রে পরপর এমন হামলায় উদ্বিগ্ন সেদেশের হিন্দুরা।
জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ার হেওয়ার্ডে অবস্থিত শেরাওয়ালি মন্দিরে হামলা চালিয়েছে খালিস্তানিরা। মন্দিরের সামনের তোরণে কালো রঙে একাধিক স্লোগান লিখে দেওয়া হয়েছে। খালিস্তান জিন্দাবাদের পাশাপাশি স্লোগান লেখা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও। জঙ্গি শিরোপা দেওয়া হয়েছে তাকে।
তোরণের ছবিটি সোশাল মিডিয়ায় পোস্ট করেছে যুক্তরাষ্ট্রের হিন্দু ফাউন্ডেশন। তাদের অভিযোগ, ‘মাত্র দুসপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়ার স্বামীনারায়ণ মন্দিরে হামলা হয়েছিল। আবারও আক্রান্ত হল হিন্দু মন্দির।’ খলিস্তানি ( Khalistan) হামলা রুখতে মন্দিরে নিরাপত্তা আরও বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি।
দীর্ঘদিন ধরেই কানাডায় একাধিক হিন্দু মন্দির লক্ষ্য করে হামলা চালাচ্ছে খালিস্তানিরা। মন্দিরের গায়ে বিতর্কিত স্লোগান লেখা থেকে শুরু করে মন্দিরে ঢুকে চুরির একাধিক অভিযোগ দায়ের হয়েছে। বেশ কয়েকজনের বিরুদ্ধে পদক্ষেপও করেছে স্থানীয় প্রশাসন। এহেন পরিস্থিতিতে নতুন করে চিন্তা বাড়াচ্ছে কানাডার প্রতিবেশী যুক্তরাষ্ট্র। ভারতের বন্ধুরাষ্ট্রে বারবার হিন্দু মন্দিরে হামলার ঘটনায় বাড়ছে উদ্বেগ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি