এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৫ জানুয়ারী, ২০২৪, ১০:০১ পিএম
ভারতকে হটিয়ে টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়া
টেস্ট র্যাংকিংয়ের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতে ভারতকে পেছনে ফেলে শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। এ নিয়ে ৭ মাস পর আবারও সিহাংসন ফিরে পেলো অজিরা। এর আগে র্যাংকিংয়ে সবার ওপরে ছিল ভারত। আর দ্বিতীয় স্থানে অবস্থান করছিল অস্ট্রেলিয়া। তবে দুই দলেরই রেটিং ছিল সমান ১১৮ করে। কিন্তু ভগ্নাংশের হিসাবে এগিয়ে শীর্ষে ছিল টিম ইন্ডিয়া।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে ভারত। আর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
সিরিজ দুটির ফলাফলের প্রভাব পড়েছে টেস্ট র্যাংকিংয়ে। দুটি টেস্ট জয়ে শীর্ষে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। ১১৮ রেটিং নিয়ে সিংহাসনে উঠেছে তারা। আর সিরিজ সমতা করায় ১১৭ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ভারত।
চলমান পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট জিতলে অস্ট্রেলিয়ার রেটিং আরও বাড়বে। সেক্ষেত্রে ভারতের সঙ্গে ব্যবধানও বৃদ্ধি পাবে অজিদের।সবশেষ ২০২২ সালের জানুয়ারিতে শীর্ষে উঠেছিল তারা। টানা ১৬ মাস পর ২০২৩ সালের মে মাসে রোহিত-কোহলিদের কাছে সিংহাসন হারান কামিন্স-ওয়ার্নাররা।
চলতি মাসের শেষের দিকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টেস্ট সিরিজ খেলবে ভারত। ওই সিরিজে ভালো করতে পারলে আবারও শীর্ষে ওঠার সুযোগ থাকছে টিম ইন্ডিয়ার। এখন ১১৫ রেটিং নিয়ে তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড। চতুর্থ থেকে অষ্টম স্থান পর্যন্ত আছে যথাক্রমে:- দক্ষিণ আফ্রিকা (১০৬), নিউজিল্যান্ড (৯৫), পাকিস্তান (৯২), শ্রীলংকা (৭৯) ও ওয়েস্ট ইন্ডিজ (৭৭)। ৫১ রেটিং নিয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। ৩২ রেটিং নিয়ে টেবিলের তলানিতে জিম্বাবুয়ে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি