ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

হাইজ্যাক জাহাজের ক্রুদের উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৪, ০১:০১ পিএম

হাইজ্যাক জাহাজের ক্রুদের উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী

হাইজ্যাক জাহাজের ক্রুদের উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী

 আরব সাগরের সোমালিয়া উপকূলে হাইজ্যাকের শিকার  জাহাজ ‘এমভি লিলা নোরফোক’ থেকে ভারতীয় সব ক্রুকে উদ্ধার করছে দেশটির নৌ কমান্ডোরা। বৃহস্পতিবার সন্ধ্যায় জলদস্যুরা জাহাজটি হাইজ্যাক করে। সেখানে ছুটে যায় ভারতের নৌ সেনারা। শুক্রবার ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকৃত ১৫ ক্রুর সবাই ভালো আছেন। 

নৌবাহিনীর এলিট কমান্ডো ইউনিট মার্কোসের সদস্যরা জাহাজের ডেক প্রথমে দস্যুমুক্ত করেন। এরপর ১৫ ক্রুয়ের সবাইকে উদ্ধার করেন। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, নৌবাহিনীর সদর দপ্তর থেকে পুরো উদ্ধার অভিযানটি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ভারতীয় ক্রুসহ জাহাজটি হাইজ্যাকের খবর প্রথম প্রকাশ করে যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও)। হাইজ্যাকের তথ্য জানার পর ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাই, একটি নেভি ডেস্ট্রয়ার ওইদিকে রওনা দেয়। এছাড়া হেলিকপ্টার পাঠিয়ে জলদস্যুদের কাছে জাহাজটি ছেড়ে দিতে সতর্কতা বার্তা পাঠানো হয়।

সোমালিয়া উপকূলে এমন সময় জাহাজ হাইজ্যাকের ঘটনা ঘটল যখন হামাস ও ইসরায়েলের যুদ্ধের কারণে লোহিত সাগরে জাহাজ চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। লোহিত সাগরে চলাচল করতে না পারায় জাহাজগুলো এখন অনেক দূর ঘুরে আসছে।

গত মাসেও আরব সাগরে ভারতীয় উপকূলের কাছে একটি জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। ধারণা করা হয়, জাহাজটি ইসরায়েলি সংশ্লিষ্ট ছিল এবং এতে ইরান থেকে সরাসরি হামলা চালানো হয়েছিল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি