এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ পিএম
রোববার সংসদ সদস্য নির্বাচিত হয়েই সোমবার অনুশীলনে মিরপুর মাঠে সাকিব
বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান মাগুরা-১ আসন থেকে রোববারই বেসরকারীভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আর সোমবার বিপিএলের প্রস্তুতি নিতে মাঠে নেমে পড়েছেন। হঠাৎই তার দেখা মিললো মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
সাকিবের আগে মিরপুরে ইনডোরে প্রবেশ করেন সাকিবের শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম। কিছুক্ষণ পর ব্যাট হাতে ইনডোরে ঢোকেন সাকিবও। নাজমুল আবেদীনকে সঙ্গে নিয়ে বিপিএলের আগে নিজেকে ঝালিয়ে নিতেই মাঠে হাজির হয়েছেন সাকিব।
আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দেশের ক্রিকেটের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। দশম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন এই অলরাউন্ডার। বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে সাকিব। নির্বাচনের কারণে ক্রিকেটে নিয়ে ভাবার খুব একটা সুযোগও ছিল না। যদিও নির্বাচনের ফাঁকে মাগুরায় ফিটনেস নিয়ে কাজ করেছেন সাকিব।
মিরপুর ইনডোরে নামতে রোববার রাতে মাগুরা থেকে ঢাকা ফেরেন এই অলরাউন্ডার।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি