ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আইসিসির ডিসেম্বর মাসসেরা ক্রিকেটারের লড়াইয়ে তাইজুল ইসলাম


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ পিএম

আইসিসির ডিসেম্বর মাসসেরা ক্রিকেটারের লড়াইয়ে তাইজুল ইসলাম

আইসিসির ডিসেম্বর মাসসেরা ক্রিকেটারের লড়াইয়ে তাইজুল ইসলাম

 সিলেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অসাধারণ বোলিং উপহার দেন তাইজুল ইসলাম। চমৎকার পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশের বাঁহাতি স্পিনার জায়গা করে নিলেন আইসিসির ডিসেম্বর মাসের সেরা খেলোয়াড়ের লড়াইয়ে। পুরুষ বিভাগে সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস।

পুরুষ ও নারী ক্রিকেটে গত মাসের সেরা খেলোয়াড় বেছে নিতে সোমবার তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। নারী বিভাগে লড়াইয়ে থাকারা হলেন জিম্বাবুয়ের প্রেশাস মারাঙ্গে এবং ভারতের জেমিমা রদ্রিগেজ ও দীপ্তি শর্মা। 
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে বাংলাদেশ। সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্টে ১৫০ রানের ব্যবধানে জেতে টাইগাররা। কিউইদের বিপক্ষে নিজেদের মাঠে এটা ছিল বাংলাদেশের প্রথম জয়। ওই টেস্টে তাইজুল রাখেন ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটসহ মোট ১০ উইকেট নিয়ে তিনি হন ম্যাচসেরা।

মিরপুরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ হারলেও তাইজুল ফের ছিলেন উজ্জ্বল। দুই ইনিংস মিলিয়ে তার শিকার ছিল ৫ উইকেট। ধারাবাহিক নৈপুণ্যের কারণে সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও ওঠে তাইজুলের হাতে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি