এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৪, ০৫:০১ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংবর্ধনা দেবে মাশরাফি ও সাকিবকে
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান এবারই প্রথম সংসদ সদস্য হলেন। নির্বাচনে জয়লাভ করার জন্য এই দু’জনকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস তার বনানী কার্যালয়ে সংবাদিকদের বলেন, মাশরাফি ও সাকিবকে আমরা স্বাগত জানাই। সামনে বোর্ড মিটিং আছে, তাদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা অবশ্যই আমাদের ভাবনায় আছে। তবে কীভাবে কি করবো সেটা আমরা এখনো ঠিক করিনি।
মাশরাফি ও সাকিব ক্রিকেটে যেমন বাংলাদেশ দলকে সামনে এগিয়ে নিয়েছেন, তেমনি এমপি হিসেবে নিজেদের এলাকাকে তারা এগিয়ে নিবেন বলে আশাবাদী জালাল। মাশরাফিকে নিয়ে জালাল বলেন, মাশরাফি পাঁচ বছরের একটা সময় শেষ করেছে।
নতুনভাবে আবার সে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। মাশরাফির মধ্যে আগে থেকেই নেতৃত্বগুণ ছিলো। সে দারুণ করেছে। এটা অবশ্যই আনন্দের খবর যে, ক্রিকেটের একজন প্রতিনিধি সফলভাবে কাজ করছে।
এরপর সাকিবকে নিয়ে আলাদা করেন বলেন, এবার সাকিব হয়েছে। সাকিব খুবই প্রতিভাবান এবং পেশাদার ক্রিকেটার। তার দায়িত্ব সে ভালো বোঝে। এখানেও (সাংসদ হিসেবে) সাকিব বেশ সফল হবে বলে আমার মনে হয়।
সাকিবের মতো এবার ক্রিকেটাঙ্গন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন বিসিবির পরিচালক ও বোর্ডের নারী বিভাগের চেয়ারপার্সন শফিউল আলম চৌধুরী নাদেল। তাকে সংবর্ধনা দেওয়া হবে কি না এ প্রসঙ্গে জালাল জানিয়েছেন, নাদেল প্রথমবার নির্বাচিত হলেও অনেক আগে থেকে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি