ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

তেহরান নিজের অবস্থান থেকে এক ইঞ্চিও সরবে না


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১১ জুন, ২০২২, ০২:০৬ পিএম

তেহরান নিজের অবস্থান থেকে এক ইঞ্চিও সরবে না

তেহরান নিজের অবস্থান থেকে এক ইঞ্চিও সরবে না

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, তার দেশের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমা চার দেশ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে যে প্রস্তাব পাস করেছে তার কারণে তেহরান নিজের অবস্থান থেকে এক ইঞ্চিও সরে আসবে না।

আইএইএ’র বোর্ড অব গভর্নর্সের ত্রৈমাসিক বৈঠকে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ ইরানবিরোধী প্রস্তাবটি তোলে এবং ভোটাভুটিতে তা পাস হয়। চীন ও রাশিয়া কঠোরভাবে ওই প্রস্তাবের বিরোধিতা করে। প্রস্তাবটিতে ভুয়া তথ্যের ওপর ভিত্তি করে ইরানের তিনটি ‘অঘোষিত স্থানে’ কথিত ইউরেনিয়ামের সন্ধান পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং আইএইএ’কে পূর্ণ সহযাগিতা করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানানো হয়।  

ইরানের চহারমহাল ও বখতিয়ারি প্রদেশের রাজধানী শাহরে কোর্দ সফরের সময় এক সমাবেশে প্রেসিডেন্ট রায়িসি ভাষণ দেন। সেখানে তিনি আইএইএ-তে পাস হওয়া প্রস্তাব সম্পর্কে পশ্চিমাদের উদ্দেশ করে বলেন, "আপনারা গ্রিসের আদালতের রায় দেখেছেন। আপনাদের কাছে আর কতবার প্রমাণ করতে হবে যে, আমরা ন্যায়সঙ্গত উপায়েই আমাদের ন্যায্য অধিকার আদায় করে ছাড়ি?”

তিনি আরো বলেন, “আপনারা আর কতবার ইরানি জনগণকে পরীক্ষা করবেন? আর কতকাল আপনারা ইরানি কর্মর্তাদের কথা কানে তুলবেন না? আপনারা কী মনে করেন যে, আইএইএ-তে প্রস্তাব পাসের কারণে আমরা আমাদের অবস্থান থেকে সরে আসব? ইরান এক পা-ও পিছিয়ে আসবে না।”

প্রসিডেন্ট রায়িসি বলেন, “আমরা থামব না এবং আমাদের উন্নয়নকে শত্রুর ভ্রুকুটি ও খুশির সঙ্গে সম্পর্কযুক্ত করব না।”

তিনি আরো বলেন, “শত্রুরা চায় না ইরান পরমাণু শিল্পে প্রবেশ করুক; উন্নত সামরিক ও গাড়ির শিল্প গড়ে তুলুক এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে অগ্রগামী হোক।  কিন্তু আমাদের তরুণরা শত্রুদের সমস্ত ষড়যন্ত্র বানচাল করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে