এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:০১ পিএম
চীনের স্যাটেলাইট উৎক্ষেপণ, তাইওয়ানে ভুল আতঙ্ক
মঙ্গলবার একটি বৈজ্ঞানিক স্যাটেলাইট বহনকারী চীনা রকেট দক্ষিণ তাইওয়ানের ৫০০ কিলোমিটার উচ্চতা দিয়ে উড়ে যায়। তাইওয়ান ভুলে একটি বিমান হামলার সতর্কতা জারি করে। পরবর্তীতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইংরেজিতে অনুবাদের সময় ভুলে ‘মিসাইল’ শব্দটি ব্যবহার করার কারণে ক্ষমা চায়।
নির্বাচনের আগে স্যাটেলাইট উৎক্ষেপণের পেছনে নির্বাচনে হস্তক্ষেপের উদ্দেশ্য রয়েছে, এমনটা মনে করে না তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়।
এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘জাতীয় নিরাপত্তা দল সামগ্রিক প্রাসঙ্গিক তথ্য বিশ্লেষণ করার পর এবং বিভিন্ন আন্তর্জাতিক মিত্র রাষ্ট্রের কাছ থেকে পাওয়া তথ্যের মূল্যায়ন বিবেচনা করে রাজনৈতিক উদ্দেশ্যের বিষয়টি উড়িয়ে দেয়া যেতে পারে।’
তাইওয়ানকে চীনের অংশ বলে মনে করে চীন। অন্যদিকে সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক বা অন্যান্য পদ্ধতিতে ১৩ জানুয়ারির ভোটে হস্তক্ষেপ করার চেষ্টা বেইজিং, এমন অভিযোগ করে আসছে তাইপেই সরকার। চীন এসব অভিযোগগুলোকে ‘নোংরা কৌশল’ বলে আখ্যা দিয়েছে।
যখন সতর্কতা জারি হয়, তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী তখন বিদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। ব্রিফিং রুমের ফোনে চীনা ভাষায় ‘চীনের স্যাটেলাইট উৎক্ষেপণ’ বলা হলেও ইংরেজিতে বলা হচ্ছিলো ‘মিসাইল’।
তাইওয়ানের বৃহত্তম বিরোধী দল কুওমিনটাং (কেএমটি) এই ঘটনায় সরকারের নিন্দা জানিয়েছে। তাদের অভিযোগ, স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে সতর্কতা জারি করে এটিকে ‘নির্বাচনের হাতিয়ারে’ পরিণত করতে চাচ্ছে সরকার।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি