এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী, ২০২৪, ১০:০১ পিএম
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রতিরক্ষমন্ত্রীর সাক্ষাৎ
তাদের মধ্যে এই সাক্ষাৎ হয় বুধবার। প্রায় দুই দশক পর ভারতের কোনো প্রতিরক্ষামন্ত্রী ব্রিটেন সফর করছেন। তিনি দুইদিন থাকবেন লণ্ডনে। সাক্ষাতে তাদের মধ্যে আলোচনা হয়েছে নিরাপত্তা, আর্থিক সহযোগিতা, প্রতিরক্ষার মতো নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।
রাজনাথ মঙ্গলবার লন্ডনে পৌঁছান। সুনাকের সঙ্গে আলোচনার পর এক্স হ্যান্ডেলে রাজনাথ লেখেন, ‘লন্ডনে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার। ওনার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা, প্রতিরক্ষা, আর্থিক সহযোগিতার মতো একাধিক বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। বিশ্বে যেন আইনের শাসন বজায় থাকে এবং শান্তি প্রতিষ্ঠা হয় সেই নিয়ে ভারত ও ব্রিটেন একযোগে কাজ করবে।’
এদিন তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গেও দেখা করেন। এনিয়ে রাজনাথ জানান, দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি ও সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
মঙ্গলবার লন্ডনে পৌঁছেই ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ট শ্যাপসের সঙ্গে বৈঠক করেন রাজনাথ। নানা বিষয়ে আলোচনার পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নয়ন ও সহযোগিতার জন্য দুটি গুরুত্বপূর্ণ চুক্তিও স্বাক্ষরিত হয়েছে তাদের মধ্যে। জানা গিয়েছে, দ্বিপাক্ষিক আন্তর্জাতিক ক্যাডেট বিনিময় কর্মসূচী নিয়ে মউ স্বাক্ষরিত হয়েছে। এছাড়া, প্রতিরক্ষা উন্নয়ন ও গবেষণা ক্ষেত্রের সহযোগিতা বাড়ানোর জন্য ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সঙ্গে ব্রিটেনের ডিফেন্স সায়েন্স টেকনোলজি ল্যাবরেটরির মধ্যেও একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি