এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:০১ পিএম
ইঙ্গ-মার্কিন ক্ষেপণাস্ত্র বেশিরভাগ ধ্বংস করেছে হুথি যোদ্ধারা: এরদোগান
ইয়েমেনে আগ্রাসন চালানোর জন্য আমেরিকা ও ব্রিটেনের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান। তিনি বলেছেন, ওই দুই দেশ লোহিত সাগরকে ‘রক্তের সাগরে’ পরিণত করতে চায়। এরদোগান শুক্রবার ইস্তাম্বুলে সাংবাদিকদের বলেন, ইঙ্গো-মার্কিন বাহিনী ইয়েমেনে ‘অসামঞ্জস্যপূর্ণ’ শক্তি প্রয়োগ করেছে। তিনি গাজা উপত্যকায় একই ধরনের শক্তি প্রয়োগের জন্য ইহুদিবাদী ইসরাইলকেও অভিযুক্ত করেন।
তিনি আরও বলেন, শুক্রবার ভোররাতে যে হামলা হয়েছে তার বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই ধ্বংস করে দিয়েছে। এরদোগান বলেন, ‘আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পেয়েছি যে, হুথিরা আত্মরক্ষা করার জন্য অত্যন্ত সফল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। তারা আমেরিকা ও ব্রিটেন উভয়ের হামলা সাফল্যের সঙ্গে প্রতিহত করেছে।’
এর আগে বৃহস্পতিবার যুদ্ধবিমান, রণতরী ও সাবমেরিন থেকে ইয়েমেনের বিভিন্ন স্থানে একযোগে হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। পরের দিন শুক্রবারও মার্কিন বাহিনী ইয়েমেনে ফের হামলা চালিয়েছে। বৃহস্পতিবারের হামলায় ৫ হুথি যোদ্ধা নিহত ও অপর ৬ জন আহত হয়েছেন।
গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের পাশবিক গণহত্যার জবাবে ইয়েমেনের সেনাবাহিনী ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে যে হামলা চালিয়ে আসছিল তার জবাব দিতে ইসরায়েলের দুস্কৃতির মদদাতা আমেরিকা ও ব্রিটেন এ হামলা চালিয়েছে। হুথি কর্মকর্তা আব্দুল কাদের আল-মোর্তজা এক্স পোস্টে জানিয়েছেন, ‘ইঙ্গো-মার্কন-ইহুদিবাদী চক্র ইয়েমেনের রাজধানী সানা, হুদায়দা, সা’দা ও ধামার শহরে হামলা চালিয়েছে।’
হুথি নেতারা বলেছেন, গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইলগামী ও ইসরাইলি মালিকানাধীন বাণিজ্যিক জাহাজগুলো হামলা চলতে থাকবে। এসব নেতা তাদের বিরুদ্ধে আমেরিকার নেতৃত্বে গঠিত টাস্কফোর্স প্রত্যাখ্যান করে বলেছিলেন, আমেরিকার সম্ভাব্য যেকোনো হামলার জবাব দেওয়া হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি