ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ পিএম

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

 চলতি বছরের জুনে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপরই সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপে খেলতে আসার আগে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এতে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ পাবেন নিগার সুলতানা জ্যোতি ও মেগ ল্যানিংরা। 

সফরে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল। আইসিসির ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ হিসেবে মার্চের শেষে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। 

এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের কন্ডিশন, উইকেট নিয়ে পরিষ্কার ধারণা নিতে চায় অস্ট্রেলিয়া। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সফরকে অত্যন্ত গুরুত্ব দেবে রের্কড ৬বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এমনটাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নারী উইংয়ের প্রধান নির্বাচক শন ফ্লেগলার। 

ক্রিকেটের ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া। সেদেশের কন্ডিশন, উইকেট সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা নিতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে এই সিরিজের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারিত হয়নি।

অবশ্য এবারই প্রথম নয় অস্ট্রেলিয়ার নারীদের বাংলাদেশ সফর। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সবশেষ ঢাকায় আসে অজিরা। তবে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে প্রথমবার টাইগ্রেসদের বিপক্ষে খেলবে মেগ ল্যানিং-এলিশা পেরীরা। সবমিলিয়ে প্রায় ১০ বছর পর আবারও বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া নারী দল।

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক শন ফ্লেগার বলেন, বিশ্বকাপে বাংলাদেশের কয়েকটি ভেন্যুতে আমাদের খেলা রয়েছে। সেসব মাঠ সম্পর্কে গবেষণা ও ধারণা নিতেই সেখানে খেলতে যাচ্ছি। উইকেট কীভাবে কাজ করে সেটিও আমরা দেখবো।

বাংলাদেশ সফরে তিন ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার পর বিশ্বকাপের আগে আর কোনো সিরিজ নেই অস্ট্রেলিয়ার। তবে এই ফাঁকে অতিরিক্ত কিছু ম্যাচ আয়োজনে আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশেরও অস্ট্রেলিয়া সিরিজের পর বিশ্বকাপের আগ পর্যন্ত কোনো সিরিজ নেই। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি