এনবিএস ডিজিটাল ডেস্ক | প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৪, ০৫:০১ পিএম
নাটকীয়ভাবে দুটি সুপার ওভার, তুমুল লড়েও ভারতের কাছে হারালো আফগানিস্তান
ভারতের দেওয়া ২১২ রানের জবাবে শেষ ওভারের ১৮ রানে ভর করে ২১২ রানই করে আফগানিস্তান। ফলে ম্যাচ টাই হয়। এরপর গড়ায় সুপার ওভারে। সেখানেও নাটকীয়ভাবে খেলা টাই হয়। এরপর দ্বিতীয় সুপার ওভারে ভারতের দেওয়া ১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১ রানে আউট হয় আফগানিস্তান। ফলে ১০ রানে জয় পায় ভারত। ভারত-আফগানিস্তানের এই ম্যাচ দিয়ে ক্রিকেট বিশ^ দেখলো টান টান উত্তেজনা ও দুর্দান্ত লড়াইয়ের একটি টুর্নামেন্ট।
বুধবার (১৭ জানুয়ারি) বেঙ্গালুরুতে দ্বিতীয় সুপার ওভারের খেলায় ফরিদ আহমেদের প্রথম দুই বলে ছয়-চারে ১০ রান নেন রোহিত শর্মা। পরের বলে এক। চতুর্থ বলে কট আউট হন রিংকু সিং। পঞ্চম বলে রোহিত শর্মা রানআউট হয়ে সাজঘরে ফিরলে ১১ রানে শেষ হয় ভারতের ইনিংস। জবাব দিতে নেমে প্রথম বলেই ক্যাচ আউট হন মোহাম্মদ নবি। দ্বিতীয় বলে এক রান নেন করিম জানাত। তৃতীয় বলে রহমানউল্লাহ গুরবাজ আউট হলে জয় পায় ভারত।
প্রথম সুপার ওভারের প্রথম বলে আউট হয়ে যান গুলবাদিন নাইব। পরের বলে এক রান নেন মোহাম্মদ নবি। তৃতীয় বলে চার হাঁকান রহমানউল্লাহ গুরবাজ। চতুর্থ বলে আবার সিঙ্গেল। পঞ্চম বলে ছয় মারেন নবি। শেষ বল থেকে আসে ৩ রান। ফলে ১৭ রানের টার্গেট পায় ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে আজমতউল্লাহ ওমরজাইয়ের প্রথম দুই বলে মাত্র ২ রান নেয় ভারত। পরের দুই বলেই ৬ হাঁকান রোহিত শর্মা। ফলে শেষ দুই বলে দরকার হয় ৩ রান। পঞ্চম বল থেকে আসে মাত্র ১। শেষ বলে ১ রান নিলে আবার ম্যাচ টাই হয়।
এর আগে ২১২ রান তাড়া করতে নেমে ৯৩ রানের উদ্বোধনী জুটি গড়েন আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। দুজনই তুলে নেন হাফসেঞ্চুরি। গুরবাজ ৫০ রান করে কুলদীপ যাদবের ওভারে ও ইব্রাহিম ওয়াশিংটন সুন্দরের বলে বিদায় নেন। ইব্রাহিম বিদায় নেওয়ার পরের বলেই সাজঘরে ফেরেন আজমতউল্লাহ ওমরজাই।
মোহাম্মদ নবি ও গুলবাদিন নাইব এরপর হাল ধরেন। ১৬ বলে ৩৪ রান করে নবির বিদায়ে ভাঙে তাদের ৫৬ রানের জুটি। ২ রানে করিম জানাত রানআউট হন। ৩ বলে ৫ রান করেন নাজিবউল্লাহ জাদরান। মুকেশ কুমারের শেষ ওভারে জয়ের জন্য ১৯ রান দরকার ছিল আফগানিস্তানের।
প্রথম বলে চার মেরে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেন গুলবাদিন নাইব। পরের বলে কোনো রান উঠেনি। তৃতীয় বল থেকে আসে ২ রান। চতুর্থ বলে মিডঅফে বিশাল ছক্কা হাকান গুলবাদিন। শেষের দুই বলে দুই ডাবলসে আসে ৪ রান। ফলে ম্যাচ টাই হয়।
এর আগে রোহিত শর্মা ও রিংকু সিংয়ের তাণ্ডবে ২১২ রানের সংগ্রহ পায় ভারত। টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল তারা। দলীয় ১৮ রানের মাথায় যশ্বসী জয়সওয়াল বিদায় নিলে দ্রুতই আরও তিন উইকেটের পতন হয়। জয়সওয়াল ৬ বলে করেন ৪ রান। তার পর গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন বিরাট কোহলি। শিভম দুবে এক রানে ফেরার পর প্রথম বলেই উইকেট হারান স্যাঞ্জু স্যামসন।
এরপর রোহিত শর্মা ও রিংকু সিংয়ের ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। ৪১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। তাকে যোগ্য সঙ্গ দেন রিংকু। সেঞ্চুরি তুলে নেন রোহিত। ৬৪ বলে তিন অংকের ঘরে প্রবেশ করেন তিনি। সংক্ষিপ্ত ফরম্যাটে এটা তার পঞ্চম সেঞ্চুরি। রোহিতের সেঞ্চুরির পর ৩৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন রিংকু। শেষ পর্যন্ত রোহিত ১২১ রানে ও রিংকু ৬৯ রানে অপরাজিত থাকেন। রোহিতের ৬৯ বলের ইনিংসে ১১টি চার ও ৮টি ছয়ের মার, রিংকু ৩৯ বলে চার ২টি মারলেও ছক্কা মেরেছেন ৬টি।