এনবিএস ডিজিটাল ডেস্ক | প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:০২ পিএম
ওয়ানডেতে রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরেজে প্রথম দুই ম্যাচ বড় ব্যবধানে হেরেছে। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামলেও হার ঠেকাতে পারেনি ক্যারিবীয়রা। ফলে অস্ট্রেলিয়ার রেকর্ডগড়া জয়ে ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে অজিরা।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ক্যানবেরায় টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে মাত্র ৮৬ রানে ২৪.১ ওভারেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৬.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ম্যাচটি অজিরা জিতেছে ২৫৯ বল আর ৮ উইকেট হাতে রেখেই। সর্বোচ্চ সংখ্যক বল হাতে রেখে এটি অস্ট্রেলিয়ার প্রথম জয়।
এর আগে, বল হাতে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জয়টি ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২০০৪ সালে। ওই ম্যাচে ৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জিতেছিল ২৫৩ বল হাতে রেখে।
ক্যারিবীদের অল্প রানের তাড়া করতে নেমে ঝড় ব্যাটিং শুরু করেন অজির দুই ওপেনার জ্যাকে ফ্রেজার ম্যাকগ্রার্ক ও জস ইঙ্গলিস। ১৮ বলে ৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হয়ে যান ম্যাকগ্রার্ক। আলজারি জোসেফের বলে গুদাকেশ মতির হাতে ক্যাচ হন তিনি।
১৬ বলে ৩৫ রানের মারকুটে ইনিংস খেলে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন ইঙ্গলিস। তার সঙ্গে ৬ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক স্টিভ স্মিথ।
এর আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৬০ বলে ৩২ রান করেন অ্যালিক অ্যাথানিজে। ১২ রান করেন রস্টন চেজ। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন জাভিয়ার বার্টলেট।