এনবিএস ডিজিটাল ডেস্ক | প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:০২ পিএম
বাংলাদেশেই তৈরি হবে আন্তর্জাতিক মানের ব্যাট
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের গাড়ি, বাড়ি, টাকা-পয়সার অভাব না হলেও তাদের ক্রিকেট যুদ্ধের প্রধান হাতিয়ার ব্যাটের অভাব রয়েছে। সাধারণত জাতীয় দলের ক্রিকেটাররা তাদের ব্যাট গুলো পান স্পন্সরদের মাধ্যমে অথবা বিদেশ থেকে কিনে এনে।
কিন্তু বিদেশ থেকে ব্যাট বানিয়ে নিয়ে আসলেও তাদের চাহিদা মতো হয় না সেই ব্যাটগুলো। বিদেশি খেলোয়াড়দের মতো বড় ছক্কা হাঁকাতে পারেন না সাকিব, তামিম, মুশফিক-রিয়াদরা। কোনো রকম বাউন্ডারি পার হয়। আমরা বলে থাকি খেলোয়াড়দের গায়ে জোর কম, পুষ্টি নাই দেহে, টেকনিকে সমস্যা। কিন্তু আসলে নাকি ব্যাটের পার্থক্যও ছক্কার পার্থক্য তৈরী হয়।
গতকাল ঢাকার শেরাটন হোটেলে ‘এমকেএস স্পোর্টস’ ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এক অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, রিয়াদ সহ জাতীয় দলের ক্রিকেট তারকারা। সেখান থেকেই জানা যায় বাংলাদেশের ব্যাটসম্যানদের দুঃখের কথা।
‘এমকেএস’ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান, যাদের বানানো ব্যাট এরই মধ্যে আইসিসির স্বীকৃতিও পেয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। জাতীয় দলের দুই ক্রিকেট তারকা ইমরুল কায়েস ও মেহেদী হাসান মিরাজ সম্পৃক্ত প্রতিষ্ঠানটির মালিকানায়। সঙ্গে আছেন দেশি-বিদেশি ক্রিকেটারদের কাছে ‘ব্যাট-ডক্টর’ নামে পরিচিত এইচ এম আফতাব শাহীন ও ব্যবসায়ী আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানের শুরুতেই ‘এমকেএস’ প্রতিষ্ঠাতা ইমরুল কায়েস শোনালেন এক দুঃখের গল্প। কয়েক বছর আগে ভারত থেকে ব্যাট আনিয়েছিলেন। কিন্তু যে মানের ব্যাট তিনি চেয়েছিলেন সে মানের ব্যাট তাকে দেওয়া হয়নি। টাকা দিয়েও মনের মতো ব্যাট পাননি তিনি। এমনকি প্রস্তুতকারকের সঙ্গে মনোমালিন্য হয় ইমরুলের। তখন থেকেই প্রতিজ্ঞা একদিন বাংলাদেশেও ভালো ব্যাটের কারখানা খুলবেন। ‘এমকেএস স্পোর্টস’ নামে ইমরুলের স্বপ্নের সেই কারখানাই এখন রাজশাহীতে। এসএস, গ্রেনিকলস যে কাঠ দিয়ে বানায়, রাজশাহীতে এমকেএসও সেই কাঠ দিয়েই ব্যাট বানাচ্ছে।