এনবিএস ডিজিটাল ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০৭:০২ পিএম
টেস্টে দ্রুততম ৫০০ উইকেট শিকারে মুরালিধরনের পরই অশ্বিন
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৫০০ উইকেট শিকার করেছেন শ্রীলঙ্কার স্পিনার মুত্তিয়া মুরালিধরন। তিনি ৫০০তম উইকেট পেয়েছিলেন ৮৭তম ম্যাচে। শুক্রবার রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসের প্রথম উইকেটটি নিয়ে টেস্ট ক্রিকেটের ৫০০ উইকেটের ক্লাবে ঢুকে গেলেন রবিচন্দ্রন অশ্বিন।
জ্যাক ক্রুলিকে সাজঘরে ফিরিয়ে ৫০০তম উইকেটটি পেয়েছেন অশ্বিন। লেগ স্টাম্পের বাইরের বলে সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে থেমেছেন ক্রলি। অনিল কুম্বলের পর ভারতের দ্বিতীয় স্পিনার হিসেবে ৫০০ উইকেট পেলেন অশ্বিন। সব মিলিয়ে ৫০০ উইকেট নেওয়ার ক্ষেত্রে তিনি টেস্ট ইতিহাসের নবম বোলার। সূত্র: প্রথম আলো
ম্যাচের হিসাবে দ্রুততম ৫০০ উইকেট নেওয়ার ক্ষেত্রে অশ্বিন দ্বিতীয়। তার লাগল ৯৮ ম্যাচ। তৃতীয় দ্রুততম ৫০০ উইকেট শিকারী বোলার অনিল কুম্বলে। তিনি ১০৫ ম্যাচ খেলে এই অর্জন করেছিলেন।
সময়ের হিসাবে অশ্বিন তৃতীয় দ্রুততম। এ ক্ষেত্রে তার ওপরে রয়েছেন মুরালিধরন ও গ্লেন ম্যাকগ্রা। মুরালিধরন ৫০০ উইকেট শিকার করতে সময় লেগেছিলো ১১ বছর ২০১ দিন। গ্লেন ম্যাকগ্রার লেগেছিলো ১১ বছর ২৫১ দিন। রবিচন্দ্রন অশ্বিন ১২ বছর ১০১ দিনে এই মাইলফলক স্পর্শ করেন।