এনবিএস ডিজিটাল ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০৭:০২ পিএম
জয়ে ফিরলো খুলনা, টানা ১০ ম্যাচ হারলো ঢাকা
চলতি বিপিএলে শুরুতে ৪ ম্যাচ জিতে দুর্দান্তভাবে শুরু করেছিলো খুলনা টাইগার্স। পরবর্তী টানা ৫ হারে পিছিয়ে পড়েছিলো খুলনা। তবে নিজেদের দশম ম্যাচে দুর্দান্ত ঢাকাকে ৫ উইকেটে হারিয়ে জয়ে ফিরেছেন অধিনায়ক এনামুল হক বিজয়ের দল। অন্যদিকে টানা ১০ ম্যাচে হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে রাজধানী দলটি।
শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে খুলনাকে ১২৯ রানের সহজ লক্ষ্য দেয় ঢাকা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট ও ২৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় খুলনা। এই জয়ে চট্টগ্রামকে টপকে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে বন্দরনগরীর দলটি।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি খুলনার দুই ওপেনার এনামুল হক বিজয় ও ইভেন লুইস। রানের খাতা খোলার আগেই আউট হন বিজয়। ৩ বলে ৪ রান করেন ইভেন লুইস। তৃতীয় উইকেটে রান তুলতে থাকেন পারভেজ ইমন। ৩০ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন তিনি।
এরপর আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন শাই হোপ। ২৮ বলে ৩২ রান করে খুলনাকে জয়ের পথে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত পার্নেলের ৫ বলে ৫ রান এবং আফিফের ২১ বলের অপরাজিত ৪৩ রানে ভর করে ২৮ বল এবং পাঁচ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা।
দুর্দান্ত ঢাকার হয়ে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া এক উইকেট নেন চতুরাঙ্গা ডি সিলভা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে হোঁচট খায় ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ২৩ বলে ২৬ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া ২৫ রান করে করেন দু’জন ব্যাটার ইরফান শুক্কুর ও অ্যালেক্স রোস। চতুরাঙ্গা ডি সিলভা ১৭ রান করেন।
খুলনা টাইগার্সের হয়ে ওয়েন পার্নেল ও মুকিদুল ইসলাম তিনটি করে উইকেট নেন