ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

হৃদয়ের সঙ্গে এই জুটি জীবনের সেরা: লিটন দাস


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ০৪:০২ পিএম

হৃদয়ের সঙ্গে এই জুটি জীবনের সেরা: লিটন দাস

হৃদয়ের সঙ্গে এই জুটি জীবনের সেরা: লিটন দাস

বিপিএলের চলতি আসরে প্রথম কোয়ালিফায়ারে বিশাল লক্ষ্য তাড়ায় বাংলাদেশের দুজন ব্যাটসম্যান দাপুটে ব্যাটিং করেছেন। প্রায় দেড়শ রানের জুটি হয়েছিলো তাওহীদ হৃদয় ও লিটন কুমার দাসের। রংপুর রাইডার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এমন বিরল জুটিই ফাইনালের টিকিট নিশ্চিত করে কোচ সালাউদ্দিনের শিষ্যদের।

সোমবার হোম অব ক্রিকেট মিরপুরে জিমি নিশামের ৪৯ বলে ৯৭ রানের বিধ্বংসী ইনিংসে ২০ ওভারে ১৮৫ রান তোলে রংপুর। সেই রান তাড়ায় ইনিংসের প্রথম বলেই সুনিল নারাইনকে হারায় কুমিল্লা, তাকে ওপেন করতে পাঠানো হয়েছিল মূলত দ্রুত রান তোলার জন্যই।

কিন্তু সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে খুব একটা সময় নেয়নি তারা। পাল্টা আক্রমণের শুরুটা করেন তিনে নামা তাওহিদ হৃদয়। মন্থর শুরুর পর জ্বলে ওঠেন লিটনও। দুজনে গড়ে তোলেন ম্যাচ জেতানো বন্ধন। ৮৯ বলে ১৪৩ রানের জুটিতে লিটনের অবদান ৬৫, হৃদয়ের ৬৪। জয়ের কাছে নিয়ে লিটন ফেরেন ৫৭ বলে ৮৩ রান করে।

বিপিএলের রেকর্ড চারবারের চ্যাম্পিয়নরা পা রাখে পঞ্চম শিরোপার মঞ্চে। তবে কুমিল্লাকে জয়ের পথে নিয়ে যায় এই জুটিই।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে কুমিল্লার অধিনায়ক লিটন দাস বলেন,  অসাধারণ আমি মনে করি, আমার জীবনে তো সেরা। এরকম কখনো হয়নি যে এত ভালো পার্টনারসহ এভাবে ব্যাটিং করেছি। আমার জীবনে আর মনে পড়ে না।

তিনি আরো বলেন, যেভাবে সে (তাওহীদ) ব্যাটিং করেছে, তা অসাধারণ। নন-স্ট্রাইক থেকে দেখতেও ভালো লাগছিল। এর চেয়েও বড় ব্যাপার, একজন পার্টনারের কাজ হচ্ছে আরেকজনের চাপ কমিয়ে দেওয়া। আমার মনে হয় সে আমাকে সেই স্বস্তি দিয়েছে, খেলাটাকে বড় করার জন্য।