ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিপিএলে অংশ নিতে আগ্রহী নোয়াখালীসহ ৪ দল


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৪, ০৫:০৩ পিএম

বিপিএলে অংশ নিতে আগ্রহী নোয়াখালীসহ ৪ দল

বিপিএলে অংশ নিতে আগ্রহী নোয়াখালীসহ ৪ দল

নামিদামি বিদেশি ক্রিকেটার, উন্নত সম্প্রচার ব্যবস্থা, দর্শক উপস্থিতি। সব মিলিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরটি ছিলো দুর্দান্ত। জমকালো ফাইনালের মধ্য দিয়ে পর্দা নেমেছে এবারের আসরের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শিরোপা ঘরে তোলার স্বাদ পেয়েছে ফরচুন বরিশাল।

জমজমাট এই টুর্নামেন্টে আরও ৪ দল অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে। তবে আন্তর্জাতিক ব্যস্ততায় নতুন দল যোগ করার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। তিনি জানান, বিপিএলে অংশগ্রহণের জন্য ইতোমধ্যেই চার দল আবেদন করেছে। যদিও আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে নতুন করে দল বাড়ানোর সম্ভাবনা খুবই কম। বর্তমান সাত ফ্র্যাঞ্চাইজির কেউ সরে দাঁড়ালে সেক্ষেত্রে ওই চার দলের কারো সুযোগ মিলতে পারে।

সদস্য সচিব ইসমাইল হায়দার বলেন, দল বাড়ানোটা খুব কঠিন। আমাদের কাছে ইতোমধ্যেই রাজশাহী, ময়মনসিংহ, নোয়াখালী, গাজীপুর আবেদন করে রেখেছে। বর্তমানের কোনো দল যদি না থাকে তাহলে তাদের পরিবর্তে আমরা ওই দলগুলোর কাউকে আনতে পারি। আগামী বিপিএলেই যে আমরা আরেকটা দল বাড়াবো সেটা চ্যালেঞ্জিং। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সময় বের করা। জাতীয় দলের খেলার পর যে সময়টা বাকি থাকে সেই সময়টুকুর মধ্যেই আমাদেরকে বিপিএল আয়োজন করতে হয়। একটা দল বাড়ানো মানে প্রায় দশটা দিন আরও অতিরিক্ত লাগে।