ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

যুদ্ধক্ষেত্রে ইসরায়েলের ব্যর্থতা আলোচনার টেবিলে পুষিয়ে নিতে দেব না: হামাস


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৪, ০৫:০৩ পিএম

যুদ্ধক্ষেত্রে ইসরায়েলের ব্যর্থতা আলোচনার টেবিলে পুষিয়ে নিতে দেব না: হামাস

যুদ্ধক্ষেত্রে ইসরায়েলের ব্যর্থতা আলোচনার টেবিলে পুষিয়ে নিতে দেব না: হামাস

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যে আলোচনা চলছে তাতে হামাস কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না। ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান এ মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, গাজা যুদ্ধে ওয়াশিংটন ও তেল আবিব যে পরাজয়ের সম্মুখীন হয়েছে আলোচনার টেবিলে তাদেরকে অপকৌশল ও ফাঁকিবাজির মাধ্যমে সে ক্ষতি পুষিয়ে উঠতে দেবে না হামাস। লেবাননে নিযুক্ত হামাসের প্রতিনিধি ও পলিটব্যুরো সদস্য হামদান সোমবার বৈরুতে এক অনুষ্ঠানে এ কথা বলেছেন।

গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও বন্দি বিনিময় চুক্তি করার লক্ষ্যে মিসরের রাজধানী কায়রোয় কাতার, মিসর ও আমেরিকার মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাস প্রতিনিধিদের যখন জটিল আলোচনা চলছে তখন হামদান এমন কঠোর মন্তব্য করলেন।

ওই আলোচনায় একটি সমঝোতায় পৌঁছার সামনে ইসরায়েল ‘প্রতিবন্ধকতার পাহাড়’ দাঁড় করিয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে গাজা থেকে সকল সেনা প্রত্যাহার, উত্তর গাজার অধিবাসীদেরকে তাদের ঘরবাড়িতে ফিরতে দেওয়া এবং উপত্যকার ওপর থেকে অবরোধ প্রত্যাহার করার যে তিন মূল দাবি হামাস জানিয়ে আসছে তা মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছে তেল আবিব।

ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্ট তার অবস্থানে অটল রয়েছে জানিয়ে ওসামা হামদান বলেন, ‘যত ধরনের অপকৌশল ও চাপ প্রয়োগ করা হোক না কেন তার কাছে আত্মসমর্পণ না করে চরম আত্মত্যাগ, বিশ্বস্ততা ও দায়বদ্ধতায় ফিলিস্তিনি জাতির প্রতি অটল-অবিচল থাকবে হামাস।