এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৪, ০৪:০৩ পিএম
বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
জমজমাট বিপিএলের দশম আসর শেষ করার পর সিরিজ হারের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩ রানের ব্যবধানে হেরেছে টাইগাররা। এতে সিরিজের ১-০ তে এগিয়ে লঙ্কানরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাড়ানোর লক্ষ্যে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তরা।
গত সোমবারের মাপহীন আর এলোমেলো বোলিংয়ে বাংলাদেশকে ডুবিয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। তবে ব্যাটে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও অভিষিক্ত ব্যাটার জাকের আলি অনিক।
বুধবার (৬ মার্চ) সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজে লড়াইয়ে ফিরতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। বাঁচা-মরার এই লড়াইয়ে সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে বাংলাদেশ।
প্রায় দেড় বছর ধরে টি টোয়েন্টি ফরম্যাটে সিরিজ হারেনি বাংলাদেশ। ইতিহাস জানাচ্ছে, ২০২২ সালের জুলাই-আগস্টে জিম্বাবুয়ের মাটিতে সর্বশেষ ১-২ ব্যবধানে টি-টোয়েন্টিতে শেষবারের মতো সিরিজ হেরেছিল বাংলাদেশ। মাঝের সময়টায় টানা চারটি টি-টোয়েন্টি সিরিজে শতভাগ সাফল্য ছিল টাইগারদের।
দেড় বছরের জয়যাত্রা চলমান রাখতে আজকের ম্যাচে টাইগারদের ঘুরে দাঁড়াতেই হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাটিংবান্ধব পিচে দায়িত্ব নিয়ে বোলিং করতে হবে শরিফুল-তাসকিন-মোস্তাফিজদের।