এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৪, ০৪:০৩ পিএম
ইতিহাসের দ্রুতগতির বলের রেকর্ড গড়লেন নারী পেসার শাবনিম
ঘণ্টায় ১৩২.১ কিলোমিটার গতিতে বল করে নারী ক্রিকেটের ইতিহাসে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার শাবনিম ইসমাইল। এর আগে সর্বোচ্চ দ্রুতগতির বলটি ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার।
মঙ্গলবার (৫ মার্চ) চলমান নারী আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নেমে এই বলটি করেছেন প্রোটিয়া ক্রিকেটার।
ম্যাচের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ইতিহাসের গতিময় বলটি করেছেন শাবনিম। তার রেকর্ডগড়া এই বলের প্রতিপক্ষ ব্যাটার ছিলেন দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং। তবে বলটি ব্যাটে লাগাতে পারেননি ল্যানিং। সরাসরি আঘাত লেগেছে তার প্যাডে। এতে এলবিডব্লিউর আবেদন জানিয়েছিল মুম্বাই। তবে আম্পায়ার সেই আবেদন নাকচ করে দিয়েছেন।
চলতি আইপিএলের আসরের উদ্বোধনী ম্যাচে এই দিল্লির বিপক্ষেই ১২৮.৩ কিমি গতির বল করেছিলেন শাবনিম। এরপর ইনজুরির কারণে কয়েকটি ম্যাচে খেলতে পারেননি তিনি। আন্তর্জাতিক ক্রিকেটেও সর্বোচ্চ গতির বলের রেকর্ড নিজের দখলে রেখেছেন শাবনিম। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে এটিই সর্বোচ্চ গতির বল।