ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বাংলাদেশে গণতান্ত্রিক পরিস্থিতির অবনতি হয়েছে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৪, ০৬:০৩ পিএম

বাংলাদেশে গণতান্ত্রিক পরিস্থিতির অবনতি হয়েছে

বাংলাদেশে গণতান্ত্রিক পরিস্থিতির অবনতি হয়েছে

সুইডেনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ভ্যারাইটিজ অব ডেমোক্রেসির (ভি-ডেম) এ বছরের প্রতিবেদনের শিরোনাম ‘ডেমোক্রেসি উইনিং অ্যান্ড লুজিং অ্যাট দ্য ব্যালট’  বা ‘নির্বাচনে গণতন্ত্রের জয়-পরাজয়। গত আট বছর ধরে বৈশ্বিক শাসনব্যবস্থা নিয়ে ‘গণতন্ত্র প্রতিবেদন’ প্রকাশ করে আসছে সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ভি-ডেম ইনস্টিটিউট।

প্রতিবেদনে দেখানো হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চারটি সূচকে বাংলাদেশের স্কোর কমেছে।

লিবারেল ডেমোক্রেসি ইনডেক্সে ১৭৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৬তম, স্কোর শূন্য দশমিক ১০। ২০২৩ সালের প্রতিবেদনে অবস্থান ছিল ১৪৭তম। অন্যদিকে, আগের চেয়ে স্কোর কমেছে শূন্য দশমিক ০১।

ইলেক্টোরাল ডেমোক্রেসি ইনডেক্সে বাংলাদেশের অবনতি হয়েছে। এবারের সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৩৬তম, স্কোর শূন্য দশমিক ২৫। গত বছর অবস্থান ছিলো ১৩১, স্কোর ছিলো শূন্য দশমিক ২৮।

লিবারেল কম্পোনেন্ট ইনডেক্সে এবার বাংলাদেশের অবস্থান ১৫১তম, গতবার ছিলো ১৫৫। এবারের স্কোর শূন্য দশমিক ২২, গতবার ছিলো শূন্য দশমিক ২৪। অবস্থানগত উন্নতি হলেও স্কোরের দিক দিয়ে পিছিয়েছে বাংলাদেশ।

ইগলিট্যারিয়ান কম্পোনেন্ট ইনডেক্সে গতবার বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম, এবার ১৬৭। এবারের স্কোর শূন্য দশমিক ২৪, গতবার ছিলো শূন্য দশমিক ২৫।

পার্টিসিপেটরি কম্পোনেন্ট ইনডেক্সে বাংলাদেশের এবারের অবস্থান ১৪৩তম, স্কোর শূন্য দশমিক ৩। গতবার একই স্কোর নিয়ে বাংলাদেশে ১৪২তম অবস্থানে ছিল।

ডেলিবারেটিভ কম্পোনেন্ট ইনডেক্সে বাংলাদেশ গতবারের তুলনায় ৩ ধাপ পিছিয়ে ১৪৮তম অবস্থানে এসেছে। অন্যদিকে স্কোর বেড়ে শূন্য দশমিক ৩০ হয়েছে, আগে যা ছিলো শূন্য দশমিক ২৯।

 প্রতিবেদনে বলা হয়েছে, শাসনতান্ত্রিক দিক থেকে বাংলাদেশ আছে ইলেক্টোরাল অটোক্রেসি (নির্বাচনভিত্তিক স্বৈরতন্ত্র) বিভাগে। ২০২৩ সালের প্রতিবেদনেও এমনটাই ছিলো।

বাংলাদেশের পাশাপাশি ভারত ও পাকিস্তানও রয়েছে নির্বাচনভিত্তিক স্বৈরতন্ত্র বিভাগে।

প্রতিবেদনের ভাষ্য, ভারতের গণতান্ত্রিক পরিস্থিতিরও অবনতি হয়েছে। উদার গণতান্ত্রিক সূচকে ভারতের অবস্থান ১০৪তম। নির্বাচনভিত্তিক গণতন্ত্রের সূচকে ১১০তম। উভয় ক্ষেত্রে ভারত পিছিয়েছে।

পিছিয়েছে পাকিস্তানও, উদার গণতান্ত্রিক সূচকে ১০৬তম অবস্থান থেকে ১১৯তম অবস্থানে নেমে গেছে। আর নির্বাচনভিত্তিক গণতন্ত্রের সূচকে ১১০তম অবস্থান থেকে নেমে গেছে ১১৮তম অবস্থানে।

ভি ডেমের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ ও মধ্য এশিয়া বর্তমান বিশ্বের সবচেয়ে স্বৈরতান্ত্রিক অঞ্চল। এই অঞ্চলের প্রতি ১০ জনের ৯ জন মানুষ নির্বাচনী স্বৈরতন্ত্রের দেশে বসবাস করেন।

উদার গণতান্ত্রিক সূচকে শীর্ষ তিনে রয়েছে ডেনমার্ক, সুইডেন ও এস্তোনিয়া। ডেনমার্ক ও সুইডেন গতবারও একই অবস্থানে ছিলো। গতবারের তৃতীয় হওয়া নরওয়েকে হটিয়ে সে স্থান দখল করেছেন এস্তোনিয়া।