এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২১ মার্চ, ২০২৪, ০৪:০৩ পিএম
জাকিরের চোট গুরুতর হলে বিকল্প সাদমান: চিকিৎসক মনজুর হোসেন
বুধবার সিলেটে ব্যাটিং অনুশীলন করার সময় চোট পেয়েছেন ওপেনার জাকির হাসান। নাহিদ রানার বলে বাঁহাতের তর্জনী আঙুলে আঘাত লাগে তার, কিছুটা রক্তও বের হয়। বরফে হাত ডুবিয়ে রাখার পর আর অনুশীলনে ফেরেননি। পরে ব্যান্ডেজ লাগাতে হয় তাকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী এই ব্যাপারে গণমাধ্যমকে জানান, এখনো মেডিকেল বিভাগের কাছে আসেনি এই চোট। তেমন গুরুতর না হলে তা মেডিকেল বিভাগে আনা হয় না। ফিজিও বায়েজিদুল ইসলাম বিষয়টা সামলাচ্ছেন। জাকির খেলতে না পারলে তার বিকল্প হিসেবে খেলার জন্য প্রস্তুত আছেন সাদমান ইসলাম।
বুধবার দলের অনুশীলন করার সময় ছিলেন না শরিফুল ইসলাম। হালকা পিঠের ব্যথায় থাকায় পেসার শরিফুল বৃহস্পতিবার ম্যাচের আগের দিনও থাকেননি। স্ক্যান রিপোর্টে কোন সমস্যা না থাকায় অবশ্য বৃহস্পতিবারই আসছেন তিনি। তার ফিটনেস নিয়ে কোন সমস্যা দেখছেন না প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।
টেস্টের জন্য অনুশীলন না করলেও শরিফুলকে নিয়ে কোন চিন্তা নেই বলে জানান হাথুরুসিংহে। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলায় বাঁহাতি এই পেসারকে বিশ্রাম দেওয়া হয়েছিলো বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি, শরিফুল ঠিকঠাক আছে। ও প্রচুর সাদা বলের ক্রিকেট খেলেছে। এজন্য আমরা তাকে সময় দিচ্ছি। এটা তার জন্য দরকার ছিল। কারণ ওকে অনেক ওভার বোলিং করতে হবে। সে খেলার জন্য প্রস্তুত।