এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২১ মার্চ, ২০২৪, ০৪:০৩ পিএম
বাংলাদেশ নারী দলকে ১১৮ রানে হারালো অস্ট্রেলিয়া
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার দেওয়া ২১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৬ ওভারেই ৯৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ নারী দল। ফলে ১১৮ রানের বড় ব্যবধানে জয় পায় অজিরা। এই জয়ে তিন ম্যাচ সিরিজের ১-০তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগে ব্যাট করতে নেমে ৫০ ওভার খেলায় ৭ উইকেটে ২১৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়ার মেয়েরা।
লক্ষ্য খুব বেশি বড় না। অন্তত বিশ্ব ক্রিকেটের বিবেচনায়। কিন্তু মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলাদেশের মেয়েরা এর আগে কেবল একবারই দুইশ রানের কোটা পার করতে পেরেছে। অস্ট্রেলিয়ার নারী দলের বিপক্ষে ২১৪ রানের লক্ষ্যটাই তাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জই ছিল। আর সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের ব্যাটাররা।
পুরুষদের মতো নারী ক্রিকেটেও প্রবল শক্তিধর অস্ট্রেলিয়া। ওয়ানডেতে রেকর্ড ৭ আর টি-টোয়েন্টিতে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অজি মেয়েরা। সেই চ্যাম্পিয়নরা প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে বাংলাদেশে। যে কারণে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই সিরিজ।
২১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ফারজান পিংকি উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। দুইয়ে নামা মুর্শিদা ১০ রানে ফিরলে ৪৯ রানের জুটি গড়েন নিগার সুলতানা জ্যোতি আর সোবহানা। জ্যেতি ২৭ রানে রানআউট হলে ৭০ রানে ভাঙ্গে এই জুটি। জ্যোতি ছাড়া সুবহানা মোস্তারি ১৭ ও মুর্শিদা খাতুন ১০ রান করেন। আর কেউই বলার মতো রান করতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে গার্ডনার ৩টি ও কিম গার্থ ২টি উইকেট শিকার করেন।
এরআগে অ্যানাবেল সুদারল্যান্ডের ফিফটিতে ও অ্যালান্নার ৪৬ রানের ইনিংসে চ্যালেঞ্জিং স্কোর করে সফরকারীরা। অ্যানাবেল অপরাজিত ৫৮ রান করেন। এছাড়া গার্ডনার ৩২, অ্যালিসা হিলি ২৪, বেথ মনি ২৫ রান করেন। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেন সুলতানা খাতুন ও নাদিয়া আক্তার। এছাড়া ফাহিমা খাতুন, স্বার্ণা আক্তার ও মারুফা আক্তার একটি করে উইকেট নেন।