ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৪, ০৫:০৪ পিএম

২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট

২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট

সোমবার এসএসসি মামলার রায় ঘোষণা করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে। 

এতে বাতিল হয়ে গিয়েছে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি। আদালত জানিয়েছে, এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের সুদ-সহ বেতন ফেরত দিতে হবে। সুদের হার হবে বছরে ১২ শতাংশ। চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে বলেছে আদালত। 

লোকসভা ভোটের মাঝে এসএসসি মামলার এই রায় রাজ্য সরকারের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

গত তিন বছরে ভারতের পশ্চিম বঙ্গে রাজনীতিতে সবচেয়ে আলোড়ন তোলা বিষয় নিয়োগ ‘দুর্নীতি’ মামলা। স্কুলে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী নিয়োগে বহু অনিয়মের অভিযোগ রয়েছে। টেট (প্রাথমিক স্কুল) এবং এসএসসি-র (মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক) দুই ক্ষেত্রেই রয়েছে অভিযোগ। টেট মামলা আপাতত সুপ্রিম কোর্টে বিচারাধীন। সোমবার এসএসসির চাকরি বাতিলের মামলার রায় ঘোষণা করা হয়েছে। 

সোমবারই এক নির্বাচনীয় জনসভায় এসএসসি মামলা নিয়ে হাই কোর্টের রায় নিয়ে মুখ খোলেন। তিনি জানান, এই রায় ‘বেআইনি’। রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাবেন। যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

একইসঙ্গে আদালত জানিয়েছে, এই মামলার তদন্ত চালিয়ে যাবে সিবিআই। অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য চাইলে সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে কেন্দ্রীয় সংস্থা।

 সকলের চাকরি বাতিল করা হলেও এক জনের চাকরি থাকছে। সোমা দাস নামের এক চাকরিপ্রাপক ক্যান্সারে আক্রান্ত। মানবিক কারণে তাঁর চাকরি বাতিল করেনি হাই কোর্টের বিশেষ বেঞ্চ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি