এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৪, ০৯:০৪ পিএম
বিতর্কের মুখে ফিলিস্তিনিদের ফের সমর্থন মালালার
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। সেই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
ফিলিস্তিনের প্রতি মালালার সমর্থন নিয়ে সম্প্রতি তার নিজ দেশ পাকিস্তানে বিতর্ক ছড়িয়ে পড়ে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ব্রডওয়েতে একটি গীতিনাট্যের সহপ্রযোজনা করেন মালালা। সেটায় আরেকজন সহপ্রযোজক যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
হিলারি যেহেতু ইসরায়েলপন্থী হিসেবে পরিচিত, তাই পাকিস্তানে বিতর্ক ছড়ায় যে মালালাও ফিলিস্তিনিদের প্রতি তার সমর্থন থেকে সরে এসেছেন। এমন বিতর্কের মুখে বৃহস্পতিবার এক্সে পোস্ট দিয়ে নিজের অবস্থান জানিয়েছেন মালালা।
পোস্টে মালালা বলেন, ‘আমি এখানে বলতে চাই যে গাজার মানুষের প্রতি আমার সমর্থন নিয়ে কোনো সংশয় নেই। আমরা আরও মরদেহ দেখতে চাই না। বিদ্যালয়ে বোমাবর্ষণ ও ক্ষুধার্ত শিশুদের দেখতে চাই না। সেখানে (গাজায়) যুদ্ধবিরতি জরুরি ও প্রয়োজনীয়।’
শান্তিতে নোবেলজয়ী মালালা বলেন, ‘আমি ইসরায়েল সরকারের আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও যুদ্ধাপরাধের নিন্দা জানিয়েছি, ভবিষ্যতেও জানাব।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি