এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০১ মে, ২০২৪, ০৪:০৫ পিএম
ই-মেইলে বোমার হুমকি, দিল্লিতে ১শ’ স্কুলে তল্লাশি, বম্ব স্কোয়াড
বুধবার সকালে ইমেল করে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় দিল্লির নয়ডা এবং গাজিয়াবাদের অনেক স্কুলেও। এই হুমকি মেল পাওয়ার পরই স্কুলগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত খালি করে দেওয়া হয় স্কুল চত্বর। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড এবং দিল্লি দমকল বাহিনী। পুরো ঘটনায় তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।
আনন্দবাজার জানায়, দিল্লির চাণক্যপুরীর সংস্কৃতি স্কুল, ময়ূরবিহারের মাদার মেরি স্কুল, দ্বারকার দিল্লি পাবলিক স্কুল-সহ নয়ডা এবং গাজিয়াবাদ মিলিয়ে কমপক্ষে ১০০টি স্কুলে এই বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।
এর মধ্যে মাদার মেরি স্কুলে পরীক্ষা চলছিল। হুমকি মেল আসার পর পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। হুমকি পেয়ে স্থানীয় পুলিশকে খবর দেন স্কুল কর্তৃপক্ষ। পুলিশ এসে স্কুল চত্বর খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে। বোমা খুঁজে বার করতে ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। পরে দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়। তবে এখনও পর্যন্ত কোনও স্কুলেই বোমা খুঁজে পাওয়া যায়নি বলে খবর।
স্কুল কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই অভিভাবকদেরও খবর দিয়ে শিক্ষার্থীদের বাড়ি ফেরত পাঠানোর কথা জানানো হয়েছে। শিক্ষার্থীদের ফিরিয়ে নিয়ে যেতে স্কুলগুলির বাইরে ভিড় জমান আতঙ্কিত অভিভাবকেরা।
যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরো বিষয়টি ‘ভুয়ো’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে আরকে পুরমের দিল্লি পুলিশ স্কুলেও একই ধরনের হুমকি মেল পাঠানো হয়েছিল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি