এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০২ মে, ২০২৪, ০৫:০৫ পিএম
পাকিস্তানে এপ্রিলে ঝড়-বৃষ্টিতে ১৪৩ জনের প্রাণহানি
পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে এপ্রিল মাসে প্রবল বৃষ্টি, বজ্রপাত, আকস্মিক বন্যা, ভূমিধস ও বিদ্যুৎপৃষ্ঠ হয়ে অন্তত ১৪৩ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি এবং লাখ লাখ একর জমির উঠতি ফসল।
পাকিস্তানের আবহাওয়া দপ্তরের মুখপাত্র জহির আহমদ বাবর বলেছেন, অন্যান্য বছর এপ্রিল মাসে পাকিস্তানের গড় বৃষ্টিপাতের চেয়ে চলতি বছর ১৬৪ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। এই আবহাওয়াবিদ বলেন, ‘আবহাওয়ার এই খেয়ালী আচরণের প্রধান কারণ হল জলবায়ু পরিবর্তন।’
এপ্রিলের অস্বাভাবিক প্রবল বৃষ্টিপাতে পাকিস্তানের চার প্রদেশ ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে। প্রদেশটির প্রশাসনিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এ মাসে সেখানে নিহত হয়েছেন ৮৩ জন। নিহতদের মধ্যে ৩৮ জন শিশু।
এখন পাকিস্তানে গম কাটার মৌসুম চলছে। অতিবর্ষণের কারণে একদিকে যেমন জমির ফসল নষ্ট হয়েছে, অন্যদিকে ক্ষেতের কাজ করতে গিয়ে পাঞ্জাব প্রদেশে বজ্রপাতে নিহত হয়েছেন অনেকে। প্রাদেশিক সরকারের তথ্য অনুযায়ী, এপ্রিলে পাঞ্জাবে নিহত হয়েছেন অন্তত ২১ জন। একই সময়ে বেলুচিস্তান প্রদেশেও বজ্রপাতে অনুরূপ সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি