এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০২ মে, ২০২৪, ০৬:০৫ পিএম
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে আনতে পিসিবির নতুন প্রস্তাব
দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের রাজনৈতিক সম্পর্ক টানপোড়েনের কারণে গত ১৭ বছরে পাকিস্তানের মাটিতে খেলতে যায়নি ভারতীয় দল। যে কারণে ২০২৩ এশিয়া কাপে হাইব্রিড মডেলে ভারতের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে রাখতে পাকিস্তানের সঙ্গে আয়োজক স্বত্ব ভাগাভাগি করে শ্রীলঙ্কা।
একই মডেলে আসন্ন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলতে চায় ভারত। আর এটি কিছুতেই চায় না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কয়েকদিন আগে তারা আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থাকে (আইসিসি) তিনটি ভেন্যু করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা জানিয়েছিল। নিরাপত্তার স্বার্থে এবার পাকিস্তান ভারতের সব ম্যাচ লাহোরেই আয়োজন করতে চায়। একই শহরে হবে টুর্নামেন্টটির ফাইনালও।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। তারা বলছে, এক শহরে ভারতের ম্যাচ আয়োজন করলে, লজিস্টিকস এবং ভ্রমণকেন্দ্রিক নিরাপত্তাজনিত মাথাব্যথা কমে যায় পিসিবির। এছাড়া লাহোর শহরের অবস্থান ভারত-পাকিস্তানে ওয়াগাহ সীমান্ত ক্রসিংয়ের কাছাকাছি জায়গায়। ফলে সহজেই ভারতীয় দর্শকরা দেশটিতে প্রবেশের সুযোগ থাকছে।
গত মঙ্গলবার করাচিতে পিসিবি সভাপতি নাকভি আশাবাদী হয়ে জানান, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আট দলের সবাই পাকিস্তানে সফর করবে। যেখানে তিনি ভারতের খেলতে না চাওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও উল্লেখ করেন।
পাকিস্তান এই টুর্নামেন্টটি আয়োজনে খুব মরিয়া, কারণ ১৯৯৬ বিশ্বকাপের পর আর কোনো আইসিসির ইভেন্ট আয়োজন হয়নি দেশটিতে। এরপর ২০০৯ সালে শ্রীলঙ্কান দলের ওপর আরেক সন্ত্রাসী হামলার ঘটনায় ২০১১ ওয়ানডে বিশ্বকাপও সরিয়ে নেওয়া হয় পাকিস্তান থেকে। এরপর দেশটিতে ৬ বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হয়নি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি