এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৩ মে, ২০২৪, ০৫:০৫ পিএম
ব্যাটে ঝড় তুলে পাঁচ বছর পর সেঞ্চুরি পেলেন সাকিব আল হাসান
অনেক দিন ধরে শতকের বাইরে ছিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। দীর্ঘ প্রতিক্ষার পর শতকের খরা কাটিয়ে উঠলেন সাকিব। পাঁচ বছর পরে দেখা পেলেন সেঞ্চুরির। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নয়, ঘরোয়া ক্রিকেটে তার এই পারফরমেন্স।
স্বীকৃত ক্রিকেটে সাকিব আল হাসানের সবশেষ সেঞ্চুরিটি ছিল পাঁচ বছর আগে। ২০১৯ সালের জুনে ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শতরানের স্বাদ নিয়েছিলেন তিনি।
এরপর ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোনো পর্যায়েই তিন অঙ্কের ইনিংস খেলতে পারেননি। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার ইতি ঘটালেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
শুক্রবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে শেখ জামাল ধানমন্ডি ক্লাব তুলেছে ৯ উইকেটে ২৮০ রান। সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে ঝড় তুলে দলের হয়ে সর্বোচ্চ ১০৭ রানের ইনিংস খেলেন সাকিব। ৭৯ বল মোকাবিলায় তার ব্যাট থেকে ৯ চারের সঙ্গে আসে ৭ ছক্কা।
লিস্ট এ’ ক্রিকেটে ৩৭ বছর বয়সী সাকিবের এটি দশম সেঞ্চুরি। তবে ওয়ানডের নয়টি সেঞ্চুরি বাদ দিলে ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি। সব মিলিয়ে স্বীকৃত ক্রিকেটে ১৯৯ ইনিংস পর সেঞ্চুরির প্রশান্তির ছোঁয়া পেলেন তিনি।
চট্টগ্রামে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম তিন ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি সাকিবকে। কারণ ব্যাখ্যায় বিসিবির নির্বাচকরা জানিয়েছিলেন, আপাতত শেখ জামালের হয়ে প্রিমিয়ার লিগে খেলতে চান সাকিব। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি