ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তানে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, ভারতের ম্যাচ লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ মে, ২০২৪, ০৫:০৫ পিএম

পাকিস্তানে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, ভারতের ম্যাচ লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে

পাকিস্তানে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, ভারতের ম্যাচ লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে

পাকিস্তানে খেলা নিয়ে ভারত যে নানা টালবাহানা করবে, তা আগে থেকেই জানতো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর এ কারণে ২০২৩ সালের ডিসেম্বরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে তারা আয়োজন স্বত্বের চুক্তি সম্পন্ন করে রেখেছে। এই চুক্তির অর্থ যত কিছুই হোক, টুর্নামেন্ট আয়োজনের অধিকার পাকিস্তানের কাছেই থাকবে।

ঠিকঠাক আয়োজনে পাকিস্তান যেমন নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও (বিসিসিআই) দল না পাঠানোর ইঙ্গিত দিচ্ছে। যদিও বিসিসিআই এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে পাকিস্তান কোহলি-রোহিতদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করতে যাচ্ছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ ও ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, পিসিবি গত সপ্তাহে আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি জমা দিয়েছে। ভেন্যু হিসেবে বেছে নেয়া হয়েছে করাচির ন্যাশনাল স্টেডিয়াম, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম আর রাওয়ালপিন্ডির পিন্ডি স্টেডিয়ামকে। ফাইনাল হওয়ার কথা লাহোরে। যেহেতু ভারত নিরাপত্তার কারণে পাকিস্তানে দল পাঠাতে চায় না, তাই তাদের ম্যাচ একটি শহরেই আয়োজন করা হবে। সেটা লাহোর হওয়ার সম্ভাবনাই বেশি।

প্রতিবেদনে বলা হয়, অবকাঠামোগত এবং নিরাপত্তা চ্যালেঞ্জ কমানোর কৌশলগত পদক্ষেপ হিসেবে ভারতের সব ম্যাচ একটি শহরেই আয়োজন করতে চায় পিসিবি। স্টেডিয়ামের কাছের হোটেলেই ভারতীয় দলকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখা হবে। তাছাড়া লাহোর আত্তারি-ওয়াগা সীমান্ত থেকে কাছাকাছি দূরত্বে হওয়ায় ভারতের সমর্থকদের জন্য ভ্রমণ বেশ সহজ হবে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জিও নিউজও এক ভেন্যুতে ভারতের সব ম্যাচ আয়োজনে পিসিবির পরিকল্পনার কথা জানিয়েছে।

এদিকে, ভারতের একটি সূত্র জিও নিউজের সংবাদদাতাকে বলেছেন, পাকিস্তান সফরের ব্যাপারে যেকোনো সিদ্ধান্ত ভারত প্রস্তাবিত হিসেবে বিবেচনা করে যাবে। বছরের শেষদিকে বিসিসিআই যখন (ভারত) সরকারের কাছে অনুমোদন চাইবে, আমরা তখনই জানাতে পারবো। পাকিস্তানের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক তখন কোন পর্যায়ে থাকবে, সেটার ওপর নির্ভর করছে।

এর আগে ভারতসহ সব দলকে সঙ্গে নিয়েই ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। এ ব্যাপারে তিনি বলেছেন, আমরা পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই আয়োজন করতে চাই। আমরা এরই মধ্যে আইসিসিতে সূচি জমা দিয়েছি। আইসিসির নিরাপত্তা দল পাকিস্তানে এসেছিল। তারা আমাদের আয়োজন দেখে খুব খুশি।

২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর।৮ দলের টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ছাড়াও খেলবে বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি